পাস করা সব শিক্ষার্থী ভর্তি হলেও খালি থাকবে ২০ লাখ আসন

আসন্ন শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক স্তরে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য পরিচিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চাপ থাকলেও সার্বিকভাবে কলেজ ও মাদ্রাসাগুলোতে বিপুলসংখ্যক আসন খালি থাকবে। এবার পাসের হার কম। তাই পাস করা সব শিক্ষার্থী কলেজ বা মাদ্রাসায় ভর্তি হলেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ২০ লাখের মতো আসন খালি থাকবে।

এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, ‘সব বোর্ডের কলেজ পরিদর্শকেরা মিলে কলেজ ভর্তির একটি নীতিমালা চূড়ান্ত করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’

এর আগে ১০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এবার পাস করেছে ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন। আর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।

ঢাকা শিক্ষা বোর্ডের তথ্যমতে, সারা দেশে প্রায় ৯ হাজার ১৮১টি কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণিতে মোট আসন রয়েছে প্রায় ২২ লাখ। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পর্যায়ে রয়েছে প্রায় ৯ লাখ আসন এবং সরকারি-বেসরকারি পলিটেকনিকে রয়েছে আরও ২ লাখ ৪১ হাজার আসন। সব মিলিয়ে একাদশে আসন আছে ৩৩ লাখ। অথচ চলতি বছর এসএসসি ও সমমানে পাস করেছে ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন। সেই হিসাবে চলতি বছর সারা দেশের একাদশ শ্রেণির শিক্ষাপ্রতিষ্ঠানে ১৯ লাখ ৯৬ হাজার ৫৭৪ আসন অর্থাৎ প্রায় ২০ লাখ আসন খালি থাকবে।

সাধারণত প্রতিবছর এসএসসি বা সমমান পাস করা শিক্ষার্থীদের মধ্যে অন্তত ১০ শতাংশ শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তি হয় না। এমন হলে খালি আসনের সংখ্যা আরও বাড়বে।

 

 

খবরয়ালা/এসআর

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।