খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ জুলাই ২০২৫
টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্বে থাকলেও ব্যাট হাতে খুঁজে পাওয়া যাচ্ছে না লিটন দাসকে। ওয়ানডে সিরিজে একাদশে জায়গা পাননি, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতেও নিজেকে মেলে ধরতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। লিটনের পারফরম্যান্স নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান কোচ ফিল সিমন্সও।
ক্যান্ডিতে সিরিজের প্রথম ম্যাচে ১১ বল খেলে মাত্র ৬ রান করে ফেরেন তিনি। দলের রানের গতি মন্থর হওয়ার শুরুটাও হয় তার ব্যাট থেকেই।
শনিবার (১২ জুলাই) ডাম্বুলায় সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, ‘ঠিক, তার আত্মবিশ্বাস কিছুটা কমে গেছে। তবে আমরা জানি, সে কী করতে পারে। আমরা তার সঙ্গে কাজ করছি, যাতে সে নিজেকে ফিরে পায়। আশা করি, পরের ম্যাচেই সে ঘুরে দাঁড়াবে।’
লিটনের বিদায়ের পর দ্রুত উইকেট হারায় বাংলাদেশ। ২৮ বলের মধ্যে পড়ে যায় তিনটি উইকেট, আসে মাত্র ২৪ রান। এই ধাক্কা সামলাতে পারেনি ব্যাটিং লাইনআপ। লিটনের আত্মবিশ্বাসহীনতা ও ধীর সূচনা পুরো দলের ওপর প্রভাব ফেলেছে।
এদিকে ওয়ানডে সিরিজে নিয়মিত একাদশে থাকা উইকেটকিপার ব্যাটার জাকের আলী সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ছিলেন না। তাঁর না খেলা নিয়ে বেশ রহস্য তৈরি করেছে। জাকেরকে নিয়ে কোচের ব্যাখ্যা, ‘জাকের চোটে পড়েছিল ওয়ানডে সিরিজের আগেই। আজ রাতে তার অবস্থা দেখা হবে, এরপর কালকের ম্যাচের জন্য সিদ্ধান্ত নেওয়া হবে, সে খেলতে পারবে কি না।’
জাকেরকে নিয়ে কোচ আরও বলেছেন, ‘সবার বাস্তববাদী হওয়া উচিত। জাকের চোটে পড়েছিল, তাই আমাদের বিকল্প খেলোয়াড় খেলাতে হয়েছে। এই ফরম্যাটে কেউ ওপেন করছে, কেউ পাঁচে বা ছয়ে ব্যাট করছে। মানিয়ে নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের হাতে অন্য কোনো বিকল্প ছিল না—তাই একজন ব্যাটারকে খেলাতে হয়েছে।’
প্রথম ম্যাচে ব্যর্থতার পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে জাকের ফিরতে পারেন কি না, সেটিই এখন বড় প্রশ্ন। আর অধিনায়ক লিটনের ব্যাটে রান ফেরাটাও হয়ে উঠেছে দলের অন্যতম চাওয়া।
খবরওয়ালা/এন