খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৩ জুলাই ২০২৫
চাঁদপুরে এনজিওর ঋণের টাকা পরিশোধ করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন নাজমা বেগম (৩০) নামে এক গৃহবধূ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
রবিবার (১৩ জুলাই) সকালে ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের দক্ষিণ বদরপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই গৃহবধূ অটোরিকশাচালক জাকির হোসেনের স্ত্রী ও দুই সন্তানের জননী।
স্থানীয় ইউপি সদস্য ইউনুছ পাটওয়ারী বলেন, ‘এলাকার বিভিন্ন এনজিও থেকে নাজমা বেগম ও জাকির হোসেন দম্পতি ঋণ গ্রহণ করেছেন। জাকির হোসেন অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। একসময় ভালোভাবে সংসার চললেও বর্তমান আগের মতো রোজগার নেই, পরিবার চালাতেই হিমশিম খেতে হচ্ছে তাঁকে। একদিকে পরিবারের আর্থিক অসচ্ছলতা, অন্যদিকে এনজিওর ঋণের চাপ। এনজিওর কর্মীরা বিভিন্ন সময়ে ওই গৃহবধূর বাড়িতে গিয়ে ঋণের টাকা পরিশোধের জন্য চাপ সৃষ্টি করেন। এ নিয়ে পারিবারিক কলহ সৃষ্টি হয়।
রবিবার সকালে নাজমা বেগম নিজেদের বসতঘরের আঁড়ার সঙ্গে গলায় ফাঁস দেন। কিছুক্ষণ পর তাঁর স্বামী বাড়িতে এসে দেখেন নাজমা বেগমের মরদেহ ঝুলে আছে।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়ার জন্য মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
খবরওয়ালা/এফএস