খবরওয়ালা মফস্বল ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৩ জুলাই ২০২৫
ঝিনাইদহের শৈলকুপা থেকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয়ে যুবলীগের এক নেতাকে অপহরণ করে দুর্বৃত্তরা।
শনিবার (১২ জুলাই) রাত ১১টার দিকে তাকে তুলে নেওয়া হয় এবং রবিবার (১৩ জুলাই) ভোরে ফরিদপুরের ভাঙ্গা থেকে পুলিশ তাকে উদ্ধার করে। এ সময় চারজনকে আটক করা হয়।
অপহৃত যুবলীগ নেতা শামীম হোসেন মোল্লা, শৈলকুপার গাড়াগঞ্জ এলাকার বাসিন্দা এবং উপজেলা যুবলীগের সভাপতি।
তিনি জানান, শনিবার রাতে কাজ শেষে কুষ্টিয়া থেকে শৈলকুপার গাড়াগঞ্জে তার গ্যাস পাম্পে বসে ছিলেন। হঠাৎ দুটি মাইক্রোবাসে কিছু লোক সাদা পোশাকে এসে ডিবি পুলিশ পরিচয়ে তাকে তুলে নিয়ে যায়। গাড়িতে ঘোরানোর পর তাকে এক অচেনা জায়গায় ফেলে দিয়ে ৫০ লাখ টাকা দাবি করে। এরপর পুলিশের সহায়তায় তিনি বাড়ি ফিরে আসেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, শামীম মোল্লাকে তার সিএনজি পাম্প থেকে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ করা হয় এবং তার পরিবার থেকে মোটা অংকের টাকা দাবি করা হয়। বিষয়টি জানার পর জেলা পুলিশ তার উদ্ধারে অভিযান শুরু করে। অবশেষে রবিবার ভোরে ফরিদপুরের ভাঙ্গা থেকে তাকে উদ্ধার করা হয় এবং অপহরণকারীদের মধ্যে ৪ জনকে আটক করা হয়।
এ ঘটনায় তদন্ত চলছে এবং পুলিশ আশা করছে, আটক ব্যক্তিদের কাছ থেকে আরো তথ্য পাওয়া যাবে।
খবরওয়ালা/আরডি