খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই ২০২৫
রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীদের সঙ্গে বিএনপি বাজারের ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (১৩ জুলাই) বিকেলে আগারগাঁওয়ের বিএনপি বাজারে মাছ কেনাকে কেন্দ্র করে এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শেকৃবির এক শিক্ষার্থী বাজারে মাছ কিনতে গেলে ট্যাংরা মাছের দামের সঙ্গে পুঁটিমাছ মিশিয়ে দেন এক ব্যবসায়ী। শিক্ষার্থী এ নিয়ে প্রতিবাদ করলে ব্যবসায়ীদের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়।
পরবর্তীতে আরও কয়েকজন শিক্ষার্থী সেখানে গেলে ব্যবসায়ীরা দলবদ্ধভাবে তাদের ওপর হামলা চালায়। এতে একজন শিক্ষার্থী গুরুতর আহত হন এবং রক্তাক্ত অবস্থায় তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এছাড়াও, সংঘর্ষের সময় আরেকজন শিক্ষার্থীকে আটকে রাখে ব্যবসায়ীরা। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে এবং থানায় নিয়ে যায়। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা থানায় গিয়ে তাকে নিয়ে ক্যাম্পাসে ফিরে আসেন। এর আগেই বাজারের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে এলাকা ত্যাগ করে।
শেরেবাংলা নগর থানার ওসি ইমাউল হক বলেন, “ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”
শেকৃবির প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান আলী বলেন, “ব্যবসায়ীদের অন্যায় আচরণের প্রতিবাদ করায় শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে। আমরা থানায় মামলা দায়ের করব।”
বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
খবরওয়ালা/টিএস