যশোরে বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে স্থাপন করা হলো ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’

যশোর শহরের বকুলতলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ম্যুরাল ভেঙে একই স্থানে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) দুপুরে এর নির্মাণকাজের উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের যৌথ উদ্যোগে প্রায় ১৪ লাখ টাকা ব্যয়ে স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হচ্ছে। ১৮ ফুট উচ্চতা ও ৬ ফুট প্রস্থের এ স্মৃতিস্তম্ভে ২০২৪ সালের জুলাইয়ে রাজপথে উচ্চারিত বিভিন্ন উদ্দীপনামূলক স্লোগান খোদাই করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনের যোদ্ধা, নিহতদের পরিবার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। অনুষ্ঠানের শুরুতে আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

জেলা প্রশাসক বলেন, ‘১৯৭১ সালে দেশের স্বাধীনতা এসেছিল বহিরাগত শক্তির বিরুদ্ধে রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে। আর ২০২৪ সালের জুলাইয়ে আমাদের লড়াই ছিল দেশের অভ্যন্তরের এক ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে। এই স্মৃতিস্তম্ভ সেই আত্মত্যাগ ও সাহসিকতার প্রতীক হয়ে থাকবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি আবু জাফর সিদ্দিকী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য নুরুজ্জামান, নিহত আবদুল্লার বাবা আবদুল জব্বার ও মাসুম বিল্লাহ।

এদিকে, বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। জানা গেছে, গত ৫ আগস্টের পর তিন ধাপে ম্যুরালটি ভাঙা হয় এবং সম্প্রতি যশোর পৌরসভার বুলডোজার দিয়ে তা সম্পূর্ণরূপে অপসারণ করা হয়।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।