মেহেরপুরের গাংনী পৌরসভার চৌগাছা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন চৌগাছা গ্রামের রাজমিস্ত্রি গোলাম কিবরিয়া (৫৫) এবং তার স্ত্রী রিনা খাতুন (৪৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, গোলাম কিবরিয়ার বাড়ির বৈদ্যুতিক মিটারের আর্থিং তারের সঙ্গে একটি বাইসাইকেল রাখা ছিল। কোনো কারণে সাইড লাইনের বিদ্যুৎ সংযোগ আর্থিং তারের সঙ্গে যুক্ত হয়ে যায়। বিষয়টি না বুঝে গোলাম কিবরিয়া বাইসাইকেল ধরার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী রিনা খাতুন ছুটে এসে স্বামীকে টেনে সরানোর চেষ্টা করেন, এতে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন।
এ সময় তাদের ছোট মেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে দুজনকে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
খবরওয়ালা/আরডি



