খবরওয়ালা আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
ইরাকের কুর্দিস্তান অঞ্চলের একটি মার্কিন মালিকানাধীন তেলক্ষেত্রে ভয়াবহ ড্রোন হামলা চালানো হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ৭টার দিকে এই হামলা ঘটলে, তেলক্ষেত্রের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হয় মার্কিন কোম্পানি এইচকেএন এনার্জি।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, কুর্দিস্তান অঞ্চলে সম্প্রতি একাধিক হামলার ঘটনা ঘটেছে, এবং সর্বশেষ হামলাটি হয়েছে দুহক প্রদেশের সারসাং তেলক্ষেত্রে। কুর্দিস্তানের আঞ্চলিক সরকার এই হামলাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে অভিহিত করেছে, এবং বলেছে, তেলক্ষেত্রটি কুর্দিস্তানের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা উদ্দেশ্যপ্রণোদিতভাবে লক্ষ্যবস্তু হয়েছে।
হামলার একদিন আগেই পার্শ্ববর্তী আরবিল প্রদেশের বিমানবন্দরে একই ধরনের ড্রোন হামলা হয়, যেখানে মার্কিন সেনা সদস্যরা অবস্থান করছিলেন। এই ঘটনায় কুর্দিস্তানে নিরাপত্তা পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে।
এইচকেএন এনার্জি জানিয়েছে, হামলার পর তাদের একটি উৎপাদন স্থাপনায় বিস্ফোরণ ঘটে, যার ফলে সেখানে আগুন ধরে যায়। হামলার পর তেলক্ষেত্রের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়, তবে কোনো হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। কোম্পানিটি জানিয়েছে, ততক্ষণ পর্যন্ত উৎপাদন পুনরায় শুরু হবে না, যতক্ষণ না পুরো নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা না হয়।
এটি এমন এক সময় ঘটেছে যখন কুর্দিস্তানে একাধিক বিস্ফোরকবাহী ড্রোন হামলার ঘটনা ঘটছে। স্থানীয় সূত্র জানিয়েছে, সোমবারও অন্তত ৩টি বিস্ফোরক বহনকারী ড্রোন কুর্দিস্তানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে।
এই হামলার ঘটনা কুর্দিস্তানের নিরাপত্তা পরিস্থিতি আরো খারাপ করছে, এবং এতে পশ্চিমা স্বার্থ সংশ্লিষ্ট অবকাঠামো এবং সামরিক ঘাঁটিগুলোর নিরাপত্তা আরও ঝুঁকির মধ্যে পড়ছে, যা মার্কিন স্বার্থ ও মধ্যপ্রাচ্যের জ্বালানি নিরাপত্তাকে বাড়তি চাপের মুখে ফেলছে।
সূত্র: আরব নিউজ
খবরওয়ালা/আরডি