প্রধান উপদেষ্টা মালয়েশিয়া সফরে যাচ্ছেন ১১ আগস্ট

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এ বছর ১১ আগস্ট মালয়েশিয়া সফরে যাচ্ছেন। এই সফরের মূল লক্ষ্য বাংলাদেশ-মালয়েশিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং অভিবাসন, বিনিয়োগ ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে উচ্চপর্যায়ের আলোচনা করা। আগামী ১২ আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মিশনসহ সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে এসব তথ্য জানা যায়।

জানা যায় বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টা। সেখানে দুই দেশের অগ্রাধিকার অনুযায়ী কয়েকটি এমওইউ স্বাক্ষর হবে।

এর আগে ড. ইউনূসের আমন্ত্রণে সারা দিয়ে গত বছরের অক্টোবরে আনোয়ার ইব্রাহিম ঢাকা সফর করেছিলেন, যা ছিল অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম অন্য কোনো রাষ্ট্রপ্রধানের ঢাকা সফর। সেই সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অভিবাসন, শ্রমবাজারে স্বচ্ছতা ও নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, বিনিয়োগ, দ্বিপক্ষীয় বাণিজ্য ও শিল্প সহযোগিতা, প্রতিরক্ষা এবং প্রশিক্ষণ ও রোহিঙ্গা সংকট সমাধানে কৌশলগত সমন্বয় নিয়ে আলোচনা করেন তারা। সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রধান উপদেষ্টার এবারের মালয়েশিয়া সফরে এ বিষয়গুলোই প্রাধান্য পাবে এবং এসব খাতেই কয়েকটি সমঝোতা স্মারক সই হবে।

এদিকে, মালয়েশিয়া সফর শেষে সেখান থেকে ইন্দোনেশিয়া সফরে যেতে পারেন প্রধান উপদেষ্টা, সংবাদমাধ্যমকে এমনটা জানিয়েছেন ঢাকাস্থ সংশ্লিষ্ট মিশনের এক কর্মকর্তা। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার ইন্দোনেশিয়া সফর নিয়ে আগ্রহ রয়েছে আমাদের। সফরের অ্যাজেন্ডা নির্ধারণ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের কাজ চলছে। তবে তিনি যাবেন কি না তার সিদ্ধান্ত, আমরা জানাতে পারি না।’

জানা গেছে, ইন্দোনেশিয়া এরই মধ্যে বাংলাদেশের সঙ্গে জ্বালানি প্রযুক্তি বিনিময়, নবায়নযোগ্য শক্তি এবং এলএনজি সরবরাহ নিয়ে আগ্রহ প্রকাশ করেছে। প্রধান উপদেষ্টার সম্ভাব্য সফরে এই খাতে যৌথ প্রকল্প ও দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তি নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বাংলাদেশে ইন্দোনেশীয় বিনিয়োগ, মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) এবং বাংলাদেশি পণ্যের বাজার প্রবেশাধিকার নিয়েও দুপক্ষের মধ্যে বিস্তৃত আলোচনা হতে পারে।

সূত্র: কালবেলা

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।