৭০ বছরে পা রাখলেন অভিনেত্রী ডলি জহুর

বাংলাদেশের অভিনয়জগতে এক পরিপূর্ণ নাম ডলি জহুর। মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্রে তার অসামান্য অবদান একাধিক প্রজন্মের দর্শকের হৃদয়ে গেঁথে রয়েছে। আজ ১৭ জুলাই এই প্রখ্যাত অভিনেত্রীর জন্মদিন। জীবনের ৭০ বছর পূর্ণ করলেন তিনি।

১৯৫৩ সালের এই দিনে ঢাকার গ্রিন রোডে জন্মগ্রহণ করেন ডলি জহুর। বেড়ে ওঠাও সেখানেই। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। বিশ্ববিদ্যালয়জীবনেই নাট্যচক্রের সদস্য হয়ে মঞ্চে অভিনয়ে তার যাত্রা শুরু।

তার অভিনীত উল্লেখযোগ্য মঞ্চনাটকের মধ্যে রয়েছে ‘মানুষ’, ‘ময়ূর সিংহাসন’, ‘ইবলিশ’। বিশেষ করে ‘মানুষ’ নাটকে সন্ধ্যারানীর চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য তিনি মঞ্চজগতে প্রশংসিত হন।

নব্বইয়ের দশকে ঢাকাই সিনেমায় নায়ক-নায়িকার মায়ের চরিত্রে ছিলেন একচ্ছত্র অভিনেত্রী। ‘আগুনের পরশমণি’, ‘শঙ্খনীল কারাগার’, ‘ঘানি’, ‘দারুচিনি দ্বীপ’, ‘রং নম্বর’, ‘সন্তান যখন শত্রু’, ‘বাবা কেন চাকর’সহ শতাধিক সিনেমায় তার অবিচল উপস্থিতি ছিল মা চরিত্রের আদর্শ রূপে। তার প্রথম চলচ্চিত্র ছিল ‘অসাধারণ’।

‘শঙ্খনীল কারাগার’-এ রাবেয়া চরিত্রে অসাধারণ অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। পরে ‘ঘানি’ সিনেমার জন্য পুনরায় এই সম্মান অর্জন করেন।

২০২১ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পেয়েছেন ডলি জহুর—এটি তার দীর্ঘ অভিনয়জীবনের এক অনন্য স্বীকৃতি।

বর্তমানে চলচ্চিত্রে তার উপস্থিতি কম হলেও টেলিভিশন নাটকে মাঝে মাঝে দেখা মেলে। সম্প্রতি তৌকীর আহমেদের পরিচালনায় একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন তিনি, যা বিটিভিতে প্রচারের অপেক্ষায়। এছাড়া মহিন খানের নির্দেশনায় একটি খণ্ড নাটকের কাজ শেষ করেছেন, যেখানে সহশিল্পী ছিলেন নিলয় আলমগীর ও হিমি। শিগগিরই তিনি মহিন খানের আরও একটি নাটকে অভিনয় করবেন বলে জানান।

ব্যক্তিজীবনে ১৯৭৬ সালের ৫ নভেম্বর অভিনেতা জহুরুল ইসলামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ডলি জহুর। ২০০৬ সালে স্বামীকে হারিয়ে একমাত্র ছেলেকে মানুষ করাই হয়ে ওঠে তার জীবনের প্রধান দায়িত্ব। বর্তমানে ছেলে রিয়াসাত ও পুত্রবধূ অস্ট্রেলিয়ায় থাকেন। ডলি জহুরও বছরের বেশিরভাগ সময় কাটান তাদের সাথেই।

জন্মদিন প্রসঙ্গে ডলি জহুর বলেন, “এখন আর আগের মতো করে জন্মদিন পালন করা হয় না। পরিবারের সবাই মিলে কেক কাটার মধ্যেই সীমাবদ্ধ থাকে।”

আজ তার জন্মদিন উপলক্ষে দুপুর ১২টা ৩০ মিনিটে চ্যানেল আই-এর ‘তারকা কথন’ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তিনি। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন অনন্যা রুমা। জানানো হয়েছে, ডলি জহুরকে কেন্দ্র করেই আজকের পর্বটি বিশেষভাবে সাজানো হয়েছে, যেখানে আরও কয়েকজন অতিথি উপস্থিত থাকবেন।

খবরওয়ালা/টিএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।