খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
বিবাহ বিচ্ছেদের পর ৪০ লিটার দুধ দিয়ে গোসল করেছেন ভারতের আসামের এক যুবক। সম্প্রতি এমন দৃশ্যের দেখা মেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে।
রবিবার (১৩ জুলাই) এনডিটিভির প্রতিবেদনে এ খবর জানানো হয়।
ভাইরাল ওই ভিডিওতে দেখা গেছে, বাড়ির বাইরে দুধ দিয়ে গোসল করছেন মানিক আলী নামের ওই যুবক। পাশে রাখা আছে চারটি ড্রাম। এক একটিতে ১০ লিটার করে দুধ রয়েছে।
সবমিলিয়ে ৪০ লিটার দুধ দিয়ে গোসল করলেন তিনি। আর সেই সঙ্গে তাকে বলতে শোনা যাচ্ছে, ‘আজ থেকে আমি স্বাধীন।’
ভিডিওতে তিনি অভিযোগ তুলে বলেন, আমার স্ত্রী তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যেত। পরিবারের শান্তির কথা ভেবে আমি এতদিন চুপ ছিলাম।
স্থানীয়রা জানান,তালাকের আগে তার স্ত্রী অন্তত দুইবার পালিয়ে গিয়েছিলেন।
মানিক আলী ভিডিওতে আরও বলেন, গতকাল আমার আইনজীবী জানিয়েছেন যে তালাক চূড়ান্ত হয়েছে। তাই আজ আমি আমার এই স্বাধীনতা উদ্যাপন করতে দুধ দিয়ে গোসল করছি। তার এই উদ্যাপন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
খবরওয়ালা/এফএস