ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে ঢাকায় আসন্ন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা আগেই বর্জন করেছিল ভারত। তারা এই সভাটির ভেন্যু পরিবর্তনের দাবি করেছিল। এবার ভারতের সাথে শ্রীলঙ্কা, আফগানিস্তানও এবং ওমান সভায় যোগ দেওয়ার জন্য ঢাকায় আসতে অপরাগতা প্রকাশ করেছে। এই খবর জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’।

আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা। তবে ভারত ও পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের কারণে এই আসর আয়োজন নিয়েই সংশয় তৈরি হয়েছে। আগামী ২৪ জুলাই ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা হওয়ার কথা আছে। কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশে আসতে অপরাগতা প্রকাশ করেছে বিসিসিআই। এছাড়া জাতীয় দলের সফরও আগামী বছর পর্যন্ত স্থগিত করেছে ভারতীয় বোর্ড।

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কা ঢাকায় এসিসির সভা বর্জন করল। ফাইল ছবি

শীর্ষ পর্যায়ের একটি সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানিয়েছে, ঢাকায় বৈঠকটি অনুষ্ঠিত হলে তাতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত এসিসি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভিকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বিসিসিআই। কারণ হিসেবে ভারত ও বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক সম্পর্কে টানাপোড়েনকেই উল্লেখ করেছে।

শুধু ভারতীয় ক্রিকেট বোর্ডই নয়; শ্রীলঙ্কা, ওমান ও আফগানিস্তানের ক্রিকেট বোর্ডও এই বর্জনে যোগ দিয়েছে। সভার ভেন্যু নিয়ে ওই তিন দেশেরও আপত্তি আছে। যদিও ইন্ডিয়া টুডে বলছে, রাজনৈতিক ও কূটনৈতিক কারণেই বিসিসিআই এবং এসিসির আরও কিছু সদস্য বোর্ড এই বৈঠক বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, এসিসির চেয়ারম্যান হলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বর্তমান চেয়ারম্যান মহসিন নাকভি।

 

সূত্র: ইন্ডিয়া টুডে

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।