খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই ২০২৫
মাদারীপুরে খালার বিয়েতে এসে পানিতে ডুবে প্রাণ গেলো মীম আক্তারের (১০) নামে এক শিশুর।
শনিবার (১৯ জুলাই) দুপুরে মাদারীপুর সদর উপজেলার শিরখাঁড়া ইউনিয়নের সৈয়দ নূর এলাকায় এ ঘটনা ঘটে। মীম ওই এলকার লিটন মুন্সির মেয়ে।
পুলিশ, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, খালা প্রিয়া আক্তারের বিয়েতে যোগ দেওয়ার জন্য শুক্রবার (১৮ জুলাই) পরিবারের সঙ্গে ঢাকা থেকে মামা সাব্বির ব্যাপারীর বাড়িতে আসে মীম। শনিবার দুপুরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায় সে। এ সময় অসাবধানবশত পুকুরে তলিয়ে যায় মীম। পরে অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে ভাসমান অবস্থায় মীমকে উদ্ধার করা হয়। পরে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সায়মুন চৌধুরী বলেন, হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই শিশুটি মারা গেছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খবরওয়ালা/এসআর