মোহাম্মদপুরে আল আমিন হত্যা, ভোলা থেকে মোশারফ ও গিট্টু রিপন গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের আল আমিন হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বেতুয়া লঞ্চঘাট থেকে র‍্যাব-২ ও র‍্যাব-৮ যৌথ অভিযান চালিয়ে হত্যায় জড়িত মো. মোশারফ হোসেন (২৬) ও মো. রিপন ওরফে গিট্টু রিপনকে (২৪) গ্রেপ্তার করেছে।

শনিবার (১৯ জুলাই) সকালে র‍্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপু জানান, নিহত আল আমিন আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স হিসেবে কাজ করতেন। কিছুদিন আগে, আল আমিন মোশারফের ছোট ভাই মান্নানকে পুলিশের কাছে ধরিয়ে দিতে সহায়তা করেছিলেন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে মোশারফ ও তার সহযোগীরা পূর্বপরিকল্পনা অনুযায়ী মঙ্গলবার (১৬ জুলাই) মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় আল আমিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে।

হত্যাকাণ্ডের সময় আল আমিন দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ আসামিরা হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে তার ডান পায়ের রগ কেটে দেয় এবং ডান হাতের বৃদ্ধাঙ্গুল বিচ্ছিন্ন করে ফেলে। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আল আমিনের মা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-৫৯, ধারা-৩০২/৩৪)। পরে র‍্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং গোপন তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মোশারফ পেশায় রিকশাচালক হলেও মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় কিশোর গ্যাং লিডার, মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসী হিসেবে পরিচিত। তিনি আগেও একাধিকবার গ্রেপ্তার হয়েছেন এবং জামিনে মুক্ত হয়ে অপরাধ কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন।

অন্যদিকে, রিপন (গিট্টু রিপন) পেশায় রংমিস্ত্রি হলেও মোশারফের নেতৃত্বে চুরি, ছিনতাই এবং মাদক ব্যবসার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই-বাছাই করে ভবিষ্যতে আরও অভিযান চালানো হবে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।