অসৎ উদ্দেশ্যে কারাগারে ভয়েস রেকর্ড নিয়ে ট্রাইব্যুনালে ইনুর অভিযোগ

জুলাই-আগস্টে সংঘটিত হত্যা ও গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু অভিযোগ করেছেন, আদালতের অনুমতি ছাড়া গোয়েন্দা সংস্থার সদস্যরা কারাগারে গিয়ে তার কণ্ঠস্বর রেকর্ড করেছেন। তিনি এ ঘটনাকে “অসৎ উদ্দেশ্যপ্রসূত” বলে দাবি করেছেন।

রোববার (২০ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম শুরুর আগে এই অভিযোগ তোলেন ইনু।

তার আইনজীবী শুরুতেই আদালতকে জানান, ইনু ব্যক্তিগত বক্তব্য দিতে চান। এরপর ইনু বলেন, “গত জুন মাসে গোয়েন্দা পরিচয়ে কারাগারে এসে আমার ভয়েস রেকর্ড করা হয়েছে। এটা উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে, যা আমার অধিকার লঙ্ঘনের শামিল।”

তবে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই অভিযোগ প্রত্যাখ্যান করে জানান, “তদন্ত সংস্থার কর্মকর্তারা তদন্তের স্বার্থে ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে যেকোনো আসামিকে জিজ্ঞাসাবাদ বা তার কণ্ঠস্বর পরীক্ষা করতে পারেন।” তিনি এ সময় কণ্ঠস্বর পরীক্ষার জন্য ট্রাইব্যুনালের অনুমোদিত একটি আদেশ আদালতে উপস্থাপন করেন।
তাতে ইনু পাল্টা বলেন, “আমাকে ভয়েস রেকর্ডের সময় কোনো ধরনের আদেশ দেখানো হয়নি।”

এদিন ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছে, জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা পৃথক ৭ মামলার তদন্ত আগামী ১৫ অক্টোবর-এর মধ্যে শেষ করতে হবে। এসব মামলার আসামিদের মধ্যে রয়েছেন ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার সাবেক মন্ত্রিসভার সদস্যরা—সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, প্রধানমন্ত্রীর সাবেক বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ মোট ৪৫ জন।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।