কদমতলীতে মা-মেয়েকে হত্যার ঘটনায় তিনজনের মৃত্যুদণ্ড

রাজধানীর কদমতলীতে ইয়াসমিন আলম ও তার মেয়ে ইরিনা আলম তানহাকে গলায় ফাঁস দিয়ে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (২০ জুলাই) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক নার্গিস ইসলাম এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন মো. আল আমিন, মো. মিরাজ মোল্লা এবং নুর আলম। পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

রায় ঘোষণার সময় আসামিদের মধ্যে আল আমিন ও মিরাজ আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়। তবে নুর আলম পলাতক থাকায় তার অনুপস্থিতিতে সাজা ঘোষণা করা হয় এবং তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ ওয়ালিউল ইসলাম তুষার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আদালতের এই রায়ে আমরা সন্তুষ্ট।’

মামলার নথি থেকে জানা যায়, পারিবারিক কলহের জেরে ২০১০ সালের ৮ মে ভিকটিমের স্বামীর পূর্বের স্ত্রীর পরিকল্পনায় এবং আসামিদের সহযোগিতায় ইয়াসমিন ও তার মেয়ে ইরিনাকে গলায় ফাঁস দিয়ে ও হাত-পা বেঁধে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহত ইয়াসমিনের ভাই মনির হোসেন বাদী হয়ে কদমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ওই বছরের ৩১ আগস্ট তিন আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক শেখ মাহবুবুর রহমান। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার অংশ হিসেবে ২০২২ সালের ৮ জানুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

মোট ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।