খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২১ জুলাই ২০২৫
উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর দগ্ধ ও আহতদের চিকিৎসা চলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় বার্ন ইনস্টিটিউটে। তাদের রক্তের প্রয়োজন মেটাতে হাসপাতালমুখী হচ্ছেন শত শত স্বেচ্ছাসেবক। তবে বিপুলসংখ্যক রক্তদাতা এলেও নেগেটিভ ব্লাড গ্রুপের রক্তের তীব্র সংকট দেখা দিয়েছে।
সোমবার (২১ জুলাই) হাসপাতাল চত্বরে ঘুরে দেখা গেছে, মাইক ব্যবহার করে স্বেচ্ছাসেবকরা নেগেটিভ গ্রুপের রক্তের জন্য আহ্বান জানাচ্ছেন। যাদের রক্তের গ্রুপ নেগেটিভ, তাদের এগিয়ে আসার অনুরোধ জানানো হচ্ছে। একই সঙ্গে অস্থায়ী বুথে চলছে রক্তের গ্রুপ পরীক্ষার কার্যক্রম।
স্বেচ্ছাসেবক নুরুননবী জানান, ‘পজিটিভ গ্রুপের রক্ত পর্যাপ্ত থাকলেও নেগেটিভ ব্লাড এখন সবচেয়ে বেশি দরকার। দগ্ধদের অনেকের শরীর থেকে রক্ত ঝরছে, তাদের বাঁচাতে দ্রুত নেগেটিভ রক্ত প্রয়োজন। খুব অল্পই এখন পর্যন্ত পেয়েছি, তাই সংগ্রহ আরও বাড়াতে হবে।’
অন্যান্য স্বেচ্ছাসেবকরা জানান, সরাসরি রক্তদাতার সংখ্যা কম হলেও সামাজিক যোগাযোগমাধ্যম, ফোন এবং ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে রক্তদাতা সংগ্রহের চেষ্টা চলছে। এ অবস্থায় তারা নেগেটিভ ব্লাড গ্রুপের ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রতিটি ব্যাগ রক্ত হয়ে উঠেছে জীবনরক্ষাকারী। এই সংকটময় সময়ে নেগেটিভ ব্লাড গ্রুপধারীদের সচেতনভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
খবরওয়ালা/শরিফ