খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ই জুলাই ২০২৫, ১০:৪২ এএম
ঝিনাইদহে ট্রাকচাপায় নাসরিন সুলতানা (৪৩) নামে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। বুধবার (২৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ভাটই বাজার সংলগ্ন আখ মাড়াই কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাসরিন সুলতানা হরিণাকুণ্ডু উপজেলার মকিমপুর গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী।
আরাপপুর হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে স্কুলশিক্ষিকা নাসরিন সুলতানা তার স্বামীর সঙ্গে মোটরসাইকেলে ভাটই বাজার থেকে আমতলা বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় কুষ্টিয়া থেকে ঝিনাইদহ অভিমুখে দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়। এসময় স্কুলশিক্ষিকা নাসরিন সুলতানা ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। নিহত শিক্ষিকার স্বামী আমিরুল ইসলাম আহত হন। তবে তার শারীরিক অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে।
আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, নিহত স্কুল শিক্ষিকার মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত মোটরসাইকেল চালক আমিরুল ইসলামের অবস্থা গুরুতর নয়। ঘাতক ট্রাকটি শনাক্ত করার চেষ্টা চলছে।
খবরওয়ালা/এফএস
মন্তব্য