খবরওয়ালা মফস্বল ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
নোয়াখালীর হাতিয়ায় ট্রলারসহ ১১ জন জেলে অপহৃত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (২২ জুলাই) রাতে উপজেলার ঠেঙ্গারচর এলাকায় বঙ্গোপসাগরের মেঘনা মোহনায় এই ঘটনা ঘটে।
বুধবার (২৩ জুলাই) বিকেলে জেলেদের পরিবার ও স্বজনরা বিষয়টি জানতে পারেন। অপহরণকারীরা জেলেদের মুক্তির জন্য ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে অভিযোগ উঠেছে।
অপহরণের শিকার ট্রলারের মালিক নূর সোলেমানের বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায়। মঙ্গলবার সকালে নূর সোলেমান ও তার ১১ সহকর্মী হাতিয়ার টাংকির ঘাট থেকে মাছ ধরতে সাগরে গিয়েছিলেন।
নূর সোলেমানের ভাই মো. হানিফ জানান, মাছ ধরার সময় তাঁর ভাই, ট্রলারের মাঝি মো. মুজিবসহ ১১ জন জেলেকে অপহরণ করা হয়। অপহরণকারীরা পরে টাংকির ঘাটের এক আড়তদারের মোবাইলে কল করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। এরপর থেকে নূর সোলেমানসহ অন্যদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
হাতিয়ার নলচিরা নৌ পুলিশের ইনচার্জ আশীষ চন্দ্র সাহা বলেন, ‘গতকাল সন্ধ্যায় আমি বিষয়টি জানতে পারি। এরপর একাধিক দল অভিযান চালিয়েছে বিভিন্ন এলাকায়, তবে অপহরণকারীরা তাঁদের অবস্থান বারবার পরিবর্তন করায় তাঁদের ধরতে পারিনি। জেলেদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।’
এখন পর্যন্ত অপহরণকারীদের পরিচয় জানা যায়নি, তবে পুলিশ ও স্থানীয় প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে।
খবরওয়ালা/আরডি