খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মৃত্যুর মিছিলে যুক্ত হলো আরও একটি নাম। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মাহিয়া তাসনিম (১৫)। তার মৃত্যুর মধ্য দিয়ে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৩ জনে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে মাহিয়া। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, মাহিয়ার শরীরের ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল, পাশাপাশি তার শ্বাসনালিও দগ্ধ হয়েছিল। গুরুতর অবস্থায় তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায়ই তার মৃত্যু হয়। এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে এই দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১৩।
মাহিয়ার পরিবারের সদস্য ও প্রতিবেশীরা জানান, উত্তরা ১৮ নম্বর সেক্টরের রাজউক প্রজেক্টের ডি-ব্লকে থাকেন তারা। মাহিয়ার বাবা মোহাম্মদ বিশ্বাস পাঁচ বছর আগে মারা যান। মা আফরোজা খাতুন এবং ফুফু মিলে তিন বোনকে বড় করছেন। তবে মাহিয়ার মায়ের কাছে এখনো মৃত্যুর খবর জানানো হয়নি। তিনি উত্তরার বাসায় রয়েছেন।
উল্লেখ্য, সোমবার দুপুরে রাজধানীর দিয়াবাড়ি এলাকায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ওপর পড়ে এই বিমানটি। এখন পর্যন্ত এই দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩৩ জন, যাদের অধিকাংশই শিশু। আহত ও দগ্ধ আরও ৫৭ জন এখনও চিকিৎসাধীন রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট, সিএমএইচসহ বিভিন্ন হাসপাতালে। তাদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক।
এর আগে, মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১। নতুন করে মাহিয়ার মৃত্যুর মধ্য দিয়ে সেই সংখ্যা দাঁড়াল ৩৩-এ।
খবরওয়ালা/শরিফ