খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ই জুলাই ২০২৫, ৯:৫৩ এএম
ভারতের বিহার রাজ্যের পশ্চিম চাম্পারান এলাকায় এক বছর বয়সী এক শিশুর কামড়ে একটি বিষধর কোবরা সাপ মারা গেছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার (২৬ জুলাই) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অদ্ভুত ও অবিশ্বাস্য এই ঘটনাটি ঘটেছে রাজ্যের এক প্রত্যন্ত গ্রামে। ঘটনার পর শিশুটিকে অচেতন অবস্থায় স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা।
হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. দুবাকান্ত মিশ্রা জানান, “শিশুটির নাম গোবিন্দ কুমার। তাকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে আমাদের হাসপাতালে রেফার করা হয়েছে। পরিবারের সদস্যরা জানান, তারা তাকে সাপের পাশে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর দ্রুত তাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।”
ডা. মিশ্রা আরও জানান, “শিশুটির দাদি প্রথমে দেখে যে সে একটি সাপ ধরে আছে। কিছুক্ষণ পর দেখা যায় সাপটি মাটিতে নিথর পড়ে আছে এবং শিশুটিও অজ্ঞান।”
চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটিকে বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার শরীরে বিষক্রিয়ার কোনো উপসর্গ দেখা দিলে তা অনুযায়ী চিকিৎসা দেওয়া হবে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়েছে এই খবর। তবে ঘটনার সত্যতা নিয়ে চিকিৎসক ও বিশেষজ্ঞরা এখনো নিশ্চিত মন্তব্য করেননি।
খবরওয়ালা/টিএসএন
মন্তব্য