খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই ২০২৫
আসন্ন নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৬০ হাজার সেনা সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।
সোমবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য দেন।
প্রেসসচিব বলেন, ‘বৈঠকে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় ৬০ হাজার সেনা সদস্য নির্বাচনী ডিউটিতে থাকবে। ৫ আগস্টের পর তারা মাঠে ডিউটিতে যোগ দেবে এবং তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকবে। আশা করছি, নির্বাচনের সময় তাদের ভূমিকা বলিষ্ঠ থাকবে এবং তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করবে।’
বৈঠকের শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শফিকুল আলম বলেন, ‘আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিগুলো যাতে নির্বাচনের সময় দুর্বল না হয়, সেই জন্য তাদের কাজ জোরদার করতে বলা হয়েছে। এক্ষেত্রে আমাদের কো-অর্ডিনেশনও ভালো হতে হবে, সেটির উপর গুরুত্ব দেওয়া হয়েছে।’
এছাড়া, নির্বাচনের প্রস্তুতি নিয়ে পুলিশ প্রশাসনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। পুলিশ আইজির উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে নির্বাচনী দায়িত্ব পালন করতে।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনের আগে প্রচুর মিথ্যা তথ্য বা মিস ইনফরমেশন ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে, যা সামনে আরও বাড়তে পারে। এর মোকাবিলা করতে ন্যাশনাল ইনফরমেশন সেন্টার গঠন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। যেখানে এই মিস-ইনফরমেশনগুলোকে শনাক্ত ও সমাধান করা যাবে।’
শফিকুল আলম আরও বলেন, ‘এ বিষয়ে অনেক বিস্তারিত আলোচনা হয়েছে এবং যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।’
খবরওয়ালা/আরডি