চীনের বেইজিংয়ে ভারী বৃষ্টি ও বন্যায় ৩০ জনের মৃত্যু

চীনের বেইজিংয়ে ভারী বৃষ্টি ও বন্যায় ৩০ জনের মৃত্যু হয়েছে। প্রবল বৃষ্টি শুরু হওয়ার পর বেইজিংয়ের ৮০ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

মঙ্গলবার(২৯ জুলাই) চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানায়।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, গত বুধবার বেইজিং ও আশপাশের প্রদেশগুলোতে ভারী বৃষ্টি শুরু হয়। গতকাল সোমবার তা তীব্র আকার ধারণ করে। এক দিনেই রাজধানী বেইজিংয়ের উত্তরাঞ্চলে ৫৪৩ দশমিক ৪ মিলিমিটার (২১ দশমিক ৪ ইঞ্চি) পর্যন্ত বৃষ্টি রেকর্ড করা হয়েছে। অথচ বেইজিংয়ে বছরে গড় বৃষ্টির পরিমাণ প্রায় ৬০০ মিলিমিটার।

বেইজিংয়ের উত্তরাঞ্চলীয় পাহাড়ি এলাকাগুলোতে এসব প্রাণহানির ঘটনা ঘটেছে। এর মধ্যে ২৮ জন মিয়ুন এলাকায় ও দুজন ইয়ানকিং এলাকায় মারা গেছেন। তবে কখন, কীভাবে এসব প্রাণহানি হয়েছে, তা নিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বিস্তারিত উল্লেখ করা হয়নি।

সিনহুয়া বলেছে, প্রবল বৃষ্টি শুরুর পর বেইজিংয়ের ৮০ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বৃষ্টির কারণে সড়ক ও যোগাযোগ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল মধ্যরাত পর্যন্ত ১৩৬টি গ্রামে বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন ছিল।

গতকাল রাতে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেন, বেইজিংসহ হেবেই, জিলিন ও শানডং প্রদেশে বেশ প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্গত এলাকায় ‘সর্বাত্মক’ অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন তিনি।

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংও বলেছেন, বেইজিংয়ের মিয়ুন এলাকায় প্রবল বৃষ্টি ও বন্যায় ‘উল্লেখজনক প্রাণহানির’ ঘটনা ঘটেছে।

গতকাল বেইজিং সর্বোচ্চ বৃষ্টি ও বন্যা সতর্কতা জারি করেছে। নগরবাসীকে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়।

খবরওয়ালা/এফএস

 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।