খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই ২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৩৯টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের পরিকল্পনা অনুযায়ী, সীমানা পুনর্নির্ধারণের গেজেট আগামীকাল (৩১ জুলাই) প্রকাশ করা হবে।
বুধবার (৩০ জুলাই) রাজধানীর নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এ তথ্য জানান।
তিনি বলেন, ‘খসড়ায় ৪২টি আসনে সীমা পরিবর্তনের প্রস্তাব এসেছে। এর মধ্যে ৩৯টি আসনে সামান্য পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ১০ আগস্ট পর্যন্ত এ বিষয়ে দাবি-আপত্তি গ্রহণ করা হবে।’
কমিশনার আরও জানান, গাজীপুর জেলায় একটি আসন বাড়ানো হবে এবং বাগেরহাটে একটি আসন কমানো হবে।
এর আগে, গত ১৬ জুলাই সংসদীয় আসনের সীমানা নির্ধারণে ইসি একটি ৯ সদস্যের কারিগরি কমিটি গঠন করে। ওই কমিটি ভোটার সংখ্যার ভিত্তিতে বিভিন্ন জেলার আসন সংখ্যা ও সীমা মূল্যায়ন করে।
কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, ‘১, ২ ও ৩ আসনের জেলাগুলো ভাঙার সুযোগ নেই। তাই এসব জেলার সীমানা হ্রাস বা বৃদ্ধি করা হয়নি।’
তিনি আরও বলেন, ‘যেসব জেলায় সবচেয়ে বেশি ভোটার রয়েছে, সেসব এলাকায় আসন বাড়ানোর প্রস্তাব এবং যেখানে সবচেয়ে কম ভোটার রয়েছে, সেখানে আসন কমানোর প্রস্তাব করা হয়েছে।’
কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রায় ২৫০টি আসনে সীমা পুনর্নির্ধারণের কোনো আবেদন আসেনি। সেসব এলাকায় সীমারেখা অপরিবর্তিত রাখা হয়েছে।
নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে এই সীমা পুনর্নির্ধারণ ইসির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন বিশ্লেষকরা। গেজেট প্রকাশ ও আপত্তির প্রক্রিয়া শেষে চূড়ান্ত সীমারেখা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
খবরওয়ালা/এসআই