বগুড়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম

বগুড়া সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র দাসকে কুপিয়ে গুরুতর আহত করেছে মুখোশধারী দুর্বৃত্তরা।

বুধবার (৩০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার সাবগ্রাম হাটে এ হামলার ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় অতুলকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

আহত অতুল চন্দ্র দাস বগুড়া সদর উপজেলা যুবদলের আহ্বায়ক।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১১টার দিকে নবাববাড়ি সড়কে বিএনপির দলীয় কার্যালয় থেকে মোটরসাইকেলে নিজ বাড়ি সাবগ্রামে ফিরছিলেন অতুল। পথে সাবগ্রাম হাটে একটি দোকান থেকে ওষুধ কিনছিলেন তিনি। এ সময় চারটি মোটরসাইকেলে করে অন্তত আটজন মুখোশধারী দুর্বৃত্ত অতুলের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা এলোপাতাড়ি কুপিয়ে অতুলকে রক্তাক্ত করে ফেলে যায়।

হামলার সময় স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা আগ্নেয়াস্ত্র বের করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অতুলকে উদ্ধার করে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

ঘটনার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জেলা যুবদল।

বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, ‘অতুলকে হত্যার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করা হয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।’

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, ‘দুর্বৃত্তরা সবাই মুখোশ পরা ছিল। তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।