খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট ২০২৫
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় এক তরুণীকে ধর্ষণের দায়ে সুজন বৈরাগী নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ রকিবুল হাসান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান জানান, দণ্ডপ্রাপ্ত সুজন বৈরাগি বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের ভেবার গ্রামের রনজিৎ বৈরাগীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি রাতে ভেবার গ্রামে ওই তরুণীকে ধর্ষণ করেন সুজন। ঘটনার পরদিন তরুণীর মা বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে সুজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
মামলাটির দীর্ঘ বিচার প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষ থেকে মোট সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত। সব সাক্ষ্য ও প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামি সুজন বৈরাগিকে দোষী সাব্যস্ত করে এই রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন।
খবরওয়ালা/আশ