জামিনের পরও আসামিকে জেল গেটে বারবার গ্রেপ্তার, জেল সুপারকে তলব

ফেনীতে জামিনে মুক্তির পর এক আসামিকে বারবার জেল গেট থেকে গ্রেপ্তার করার ঘটনায় জেলার জেল সুপারকে তলব করেছেন আদালত। ২৮ জুলাই ফেনী সদর আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আখতার জাবেদ এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, আসামি মো. সুফিয়ান গত ১৯ এপ্রিল গ্রেপ্তার হন। এরপর ২৪ জুন তিনি ফেনীর দায়রা আদালত থেকে জামিনে মুক্তি পেলেও পরদিন ২৫ জুন কারাগারের মূল ফটক থেকে তাঁকে নতুন একটি মামলায় আবারও গ্রেপ্তার করা হয়। এ মামলায় ২ জুলাই জামিনে মুক্তির আদেশ পাওয়ার পর ৩ জুলাই কারাগার থেকে বের হওয়ার সময় আবারও তাঁকে আটক করা হয়।

সবশেষ ২৭ জুলাই একাধিক মামলায় জামিনে মুক্তির পর তিনি কারাগার ছাড়েন, কিন্তু ওইদিনই শহরের হাসপাতাল মোড় থেকে আবারও গ্রেপ্তার দেখানো হয়।

আসামিপক্ষের আইনজীবী অভিযোগ করেন, প্রতিবার জামিননামা কারাগারে পৌঁছানোর পরও জেল সুপার তাৎক্ষণিক মুক্তি না দিয়ে থানা পুলিশ, ডিবি ও ডিএসবি-কে ফোন করে পুনরায় গ্রেপ্তারের ব্যবস্থা করেন। অথচ সংশ্লিষ্ট সময়গুলোতে আসামির বিরুদ্ধে নতুন করে কোনো মামলা বা গ্রেপ্তারি পরোয়ানা ছিল না।

আদালত একাধিকবার একই আসামিকে জেল গেট থেকে গ্রেপ্তারের ঘটনাকে ‘বেআইনি, অসাংবিধানিক, মৌলিক অধিকার লঙ্ঘন এবং পেশাগত অসদাচরণ” বলে উল্লেখ করেছেন। বিচারকের ফরওয়ার্ডিং আদেশে বলা হয়েছে, শুধু এই আসামি নয়, সম্প্রতি আরও অনেক জামিনপ্রাপ্ত ব্যক্তি জেল গেট থেকে ‘কোনো যৌক্তিক কারণ ছাড়া’ পুনরায় আটক হচ্ছেন। আদালতের মতে, এর পূর্ণ দায়ভার বর্তায় সংশ্লিষ্ট জেল সুপারের ওপর।

এই প্রেক্ষিতে, কেন তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা লিখিতভাবে ব্যাখ্যা দিতে আগামী ৩১ জুলাই সকাল ১১টায় ফেনী জেলা কারাগারের জেল সুপারকে স্বশরীরে হাজির হয়ে জবাব দাখিলের নির্দেশ দিয়েছে আদালত। একইসঙ্গে, আদালতের উত্থাপিত সম্ভাব্য প্রশ্নের জবাব দেওয়ার প্রস্তুতি নিয়ে আসারও নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে ফেনী কোর্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বলেন, ‘জেল গেট থেকে বারবার গ্রেপ্তারের ঘটনায় আদালতের তলবের কথা মৌখিকভাবে শুনেছি, তবে আদেশের অনুলিপি এখনো হাতে পাইনি।’

অন্যদিকে ফেনী জেলা কারাগারের জেল সুপার মো. আবদুল জলিল বলেন, ‘আদালতের আদেশ সম্পর্কে শুনেছি। আদালত চাইলে আমাদের তলব করতেই পারেন। তবে আমি কাউকে গ্রেপ্তারের নির্দেশ দিইনি, আমার বিরুদ্ধে আনা অভিযোগের সঙ্গে আমি সম্পৃক্ত নই।’

খবরওয়ালা/এমএজেড

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।