সরবরাহ কম, মাছ-সবজির দাম নাগালের বাইরে

টানা বৃষ্টিতে রাজধানীর বাজারে মাছ ও সবজির সরবরাহ কমে গেছে। এতে প্রায় সব ধরনের মাছ এবং মৌসুমি সবজির দাম বেড়ে গেছে। বাজারে দেখা যাচ্ছে, চাহিদা অনুযায়ী পণ্য না থাকায় হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা।

শুক্রবার (১ আগস্ট) দুপুরে রাজধানীর নিউমার্কেট ও কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক সময়ের চেয়ে অনেকটা কম। অনেক দোকানে পণ্য তুলনামূলকভাবে কম উঠেছে। দাম বাড়ার পাশাপাশি বেশ কিছু পণ্যের মানও খারাপ ছিল বলে অভিযোগ করেছেন ক্রেতারা।

মাছের বাজারে ইলিশ এখন স্বপ্নের মতো

বাজার ঘুরে দেখা গেছে, এক কেজির বেশি ওজনের ইলিশ প্রতিকেজি ২ হাজার ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। এমনকি আকারে ছোট ইলিশও দেড় হাজার টাকার নিচে পাওয়া যাচ্ছে না। অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, ইলিশ এখন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে।

এছাড়া বড় আকারের কাতলা মাছ (৬ কেজি ওজন) কেজি প্রতি বিক্রি হচ্ছে ৭০০ টাকায়। ১০ কেজি ওজনের কাতলার দাম কেজিপ্রতি ৮৫০ টাকা। পাঙাস বিক্রি হচ্ছে ২৮০ টাকায়। ছোট চিংড়ি বিক্রি হচ্ছে ৬০০–৭০০ টাকা কেজি দরে, পাবদা ৪৫০ টাকা, ফলই ৪৫০ টাকা, আর তেলাপিয়া ২২০ টাকা।

ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টির কারণে দুই দিন ধরে আড়তে সরবরাহ কম, তাই দামও বেড়েছে। বড় মাছ কম আসছে, আবার বিক্রিও কিছুটা কমেছে। ফলে যারা মাছ কিনতে এসেছেন, তারা বিকল্প খুঁজছেন।

নিউমার্কেটের মাছবাজারে আসা ক্রেতা হরুন আহমদ বলেন, ‘বাজারে মাছ কম। কিছু ইলিশ দেখলাম, তবে দাম খুব বেশি। তেলাপিয়াও পেলাম না। ভাবলাম দেশি ছোট মাছ কিনবো, সেগুলোও নেই।’

সবজির বাজারেও আগুন

সবজির বাজারেও একই চিত্র। আগের চেয়ে প্রায় সব সবজির দাম ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। বিশেষ করে বৃষ্টিতে ক্ষেত থেকে তুলতে না পারায় সরবরাহ কমে গেছে বলে জানান বিক্রেতারা।

বাজারে ঢুঁ মেরে দেখা গেছে, পটোল বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে, করলা ৭০ টাকা, বরবটি ১০০ টাকা, মুলা ৬০ টাকা, বেগুন ৭০ টাকা এবং কাঁচামরিচ ১৮০ থেকে ২০০ টাকা কেজি। আলু ৪০ টাকা, পেঁয়াজ ৬০ টাকা ও রসুন ২০০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যান্য সবজির দামও প্রায় একই হারে বেড়েছে।

সবজি বিক্রেতা মাসুদ বলেন, ‘বৃষ্টিতে অনেক ক্ষেতেই পানি জমে আছে। ফলে তুলতে পারছি না, বাজারেও তুলনামূলকভাবে কম মাল এসেছে। মাল কম তো দাম তো বাড়বেই।’

কারওয়ান বাজারে সবজি কিনতে আসা গৃহিণী রোকসানা আক্তার বলেন, ‘সব কিছুরই দাম চড়া। পটোল-করলাও ৭০–৮০ টাকা করে। টমেটো, কাঁচামরিচও অনেক দামী। কীভাবে চলবো এই বাজারে?’

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।