স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে চিকিৎসককে মারধর, গ্রেপ্তার ১০

দিনাজপুরের হিলিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত এক চিকিৎসককে মারধরের ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতাসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে হাকিমপুর থানা পুলিশ। 

শুক্রবার (১ আগস্ট) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশের সহযোগিতায় তাদের আটক করা হয়।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মশিউর রহমান এ ঘটনায় ১৩ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, হাসপাতালে ভর্তি থাকা এক দম্পতিকে ছাড়পত্র (রিলিজ) দিতে বলা হলে তারা অস্বীকৃতি জানান। এরপর বিষয়টি নিয়ে চিকিৎসকের সঙ্গে কথা কাটাকাটি হয়।

পরে বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্ব পালনের সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ১০–১২ জন লোক এসে চিকিৎসককে ঘর থেকে বের করে গালাগাল করেন এবং আচমকা তাঁর মুখে ঘুষি মারতে থাকেন। এ সময় চিকিৎসকের ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাকিমপুর থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, ‘ডা. মশিউর রহমানের দায়ের করা মামলার পর ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।’

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—স্বেচ্ছাসেবক দল নেতা আল মামুন (৩৫), ওমর ফারুক (৩৫), তাঁর স্ত্রী সুখী খাতুন (৩০), আমিরুল ইসলাম কদম (৫০), খোকন মণ্ডল (৩৮), শাওন (৩০), সাদ্দান হোসেন (৩৬), ওয়াদুদ হোসেন (৩৬), আলতাফ হোসেন রাজা (৩৫) ও মো. আহসান (৩৬)।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্ত চিকিৎসক বর্তমানে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছেন। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছে স্থানীয় চিকিৎসক সমাজ।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।