খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২ আগস্ট ২০২৫
দীর্ঘ এক দশকের পথচলা শেষ হচ্ছে সন হিউং-মিনের টটেনহ্যাম হটস্পারে। ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরুর আগেই উত্তর লন্ডনের এই ক্লাব থেকে বিদায় নিচ্ছেন দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড।
২০১৫ সালে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেন থেকে টটেনহ্যামে যোগ দেন সন। ক্লাবটির জার্সিতে ৪৫৪ ম্যাচ খেলে ইউরোপা লিগ জিতেছেন, আর ২০১৯ সালে খেলেছেন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। বর্তমানে স্পার্সদের অধিনায়ক সন হিউং-মিন প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচের আগে সিউলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্লাব ছাড়ার ঘোষণা দেন।
সন বলেন, ‘সংবাদ সম্মেলন শুরুর আগে বলতে চাই, এই গ্রীষ্মেই আমি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তে ক্লাবও আমাকে সম্মানের সঙ্গে সহায়তা করছে। ইউরোপিয়ান শিরোপা জয়ের পর মনে হয়েছে, সম্ভাব্য যা জিততে পারতাম, সবই জিতেছি। সামনে কোথায় যোগ দিব সে বিষয়ে এখন পর্যন্ত আমার কাছে এর উত্তর নেই।’
টটেনহ্যামের ইতিহাসেই অন্যতম সেরা একজন সন। ক্লাবটির হয়ে ১৭৩ গোল করা সন গত মে মাসে ইউরোপা লিগ জিতলেও মৌসুমটা তার ভালো কাটেনি। চোটে পড়েছেন কয়েকবার, ফর্মও খুব একটা ভালো ছিল না। ইএসপিএনকে একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব লস অ্যাঞ্জেলস এফসি সনকে সই করাতে আগ্রহী। টটেনহ্যামে তার চুক্তির মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত।
সিউলের ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে আগামীকাল নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচ খেলবে টটেনহ্যাম। ক্লাবটির কোচ টমাস ফ্রাঙ্ক জানিয়েছেন, সন এই ম্যাচে অধিনায়কত্ব করবেন ও শুরু থেকেই খেলবেন। ইএসপিএন ও সিএনএন জানিয়েছে, টটেনহ্যামের জার্সিতে এটাই হতে পারে সনের শেষ ম্যাচ। যদিও খুব বেশি দিন দেরি নেই, আগামী ১৩ আগস্ট উয়েফা সুপার কাপে পিএসজির মুখোমুখি হবে টটেনহ্যাম।
সংবাদ সম্মেলনে সন আরো বলেন, ‘আমার ক্যারিয়ারে এটা সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। অসাধারণ সব স্মৃতি। সিদ্ধান্তটি নেওয়া খুব কঠিন ছিল। কিন্তু আমার মনে হয় এটাই সঠিক সময়। আশা করি সবাই আমার সিদ্ধান্তটা বুঝবেন এবং সম্মান করবেন। ২৩ বছর বয়সী এক তরুণ হিসেবে আমি উত্তর লন্ডনে এসেছিলাম। খুব অল্প বয়সী একটা ছেলে যে ইংরেজিতেও কথা বলতে পারত না। এখন পরিণত হিসেবে এই ক্লাব ছেড়ে যেতে পারাটা খুবই গর্বের বিষয়।’
খবরওয়ালা/এসআই