বিএনপির ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশন কোনো সাফল্য দেখাতে পারেনি; বরং এর মাধ্যমে দেশের রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে অনৈক্যই সৃষ্টি হয়েছে।
শনিবার (২ জুলাই) দৈনিক যুগান্তর আয়োজিত ‘সরকারের এক বছর : প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
ঐকমত্য কমিশনের কার্যক্রম নিয়ে কঠোর সমালোচনা করে মিন্টু বলেন, ‘এটাকে ঐকমত্য কমিশন না বলে অনৈক্য কমিশন বললেই মানুষ ভালো বুঝবে। কারণ এইভাবে তো কোনো দেশে ঐকমত্য তৈরি হয় না। তাদের আলোচনার বিষয় শুধু রাজনৈতিক—কার কাছে কত ক্ষমতা থাকবে, কীভাবে ক্ষমতা ভাগ হবে। অথচ জনগণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আয়ের সুষম বণ্টন। কিন্তু সেখানে এ নিয়ে কোনো আলোচনা নেই।’
গোলটেবিল বৈঠকে অন্তর্বর্তী সরকারের আমলে ডলারের দাম নিয়ন্ত্রণ ও রিজার্ভ বৃদ্ধির মতো কয়েকটি অর্থনৈতিক সূচকের স্থিতিশীলতার কথা আলোচনায় আসে। তবে এ নিয়ে সংশয় প্রকাশ করে মিন্টু বলেন, ‘অর্থনৈতিক দিক দিয়ে কোনো অর্জন নেই। বরং অর্থনীতি আরও খারাপের দিকে যাচ্ছে।’
আইনের শাসন, সামাজিক শৃঙ্খলা এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও গভীর হতাশা প্রকাশ করেন এই ব্যবসায়ী নেতা।
তিনি বলেন, ‘এই পরিস্থিতি থেকে বের হতে হলে দ্রুত অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন জরুরি। আমরা যে নির্বাচন চাইছি, সেটা গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের সামাজিক অধিকার নিশ্চিত করার জন্য। সেই অধিকার ফিরে পেতেই মানুষ রাস্তায় নেমে আন্দোলন করেছে।’
খবরওয়ালা/এন



