তারকাদের ব্যবহৃত জিনিসপত্র যত্ন করে সংরক্ষণ করার রীতি নতুন কিছু নয়। আর সেটা যদি হয় পপ সংগীতের কিংবদন্তি মাইকেল জ্যাকসনের কোনো স্মারক, তাহলে সেটিকে যত্নে রেখে দেওয়ার আকাঙ্ক্ষা যেন আরও তীব্র হয়ে ওঠে। এবার নিলামে উঠছে এই পপ সম্রাটের ব্যবহৃত এক জোড়া পুরোনো মোজা, যার দাম উঠেছে লাখ টাকার ঘরে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার (৩০ জুলাই) ফ্রান্সে আয়োজিত এক নিলামে উঠেছে মাইকেল জ্যাকসনের ব্যবহৃত সাদা রঙের একজোড়া মোজা।
চমকপ্রদ তথ্য হলো, মোজাটির জন্য প্রাথমিকভাবে মূল্য ধরা হয়েছিল ৩,৪০০ থেকে ৪,৫০০ মার্কিন ডলার। কিন্তু আগ্রহী সংগ্রাহকদের আগ্রহে সেটির দাম উঠে যায় প্রায় ৮ হাজার মার্কিন ডলার পর্যন্ত—বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১০ লাখ টাকা। ভক্তদের ভালোবাসার জোরেই প্রত্যাশার চেয়েও বেশি দামে বিক্রি হয়েছে জ্যাকসনের এই স্মারক।
১৯৯৭ সালে ফ্রান্সে মাইকেল জ্যাকসনের ‘হিস্ট্রি ওয়ার্ল্ড ট্যুর’-এর কনসার্টে তিনি এই মোজা পরেছিলেন। অনুষ্ঠান শেষে তার ড্রেসিং রুমের বাইরে মোজাটি পড়ে থাকতে দেখেন এক ব্যক্তি। দীর্ঘ ২৮ বছর ধরে অত্যন্ত যত্নের সাথে তিনি মোজাটি সংরক্ষণ করে রেখেছিলেন।
সম্প্রতি, সেই ব্যক্তি মোজাটি নিলামে তোলার সিদ্ধান্ত নেন। নিলামকারী অরোর ইলি জানান, মোজাটিতে কিছুটা হলদে ভাব দেখা যাওয়ায় এটি নষ্ট হওয়ার আগেই নিলামের জন্য রাখা হয়।
যে ভক্ত মোজাটি কিনেছেন, তিনি এটিকে মাইকেল জ্যাকসনের স্মৃতিচিহ্ন হিসেবে ভক্তদের জন্য প্রদর্শন করবেন বলে জানিয়েছেন। তারকাদের ব্যবহৃত জিনিসপত্র সংগ্রহের এই পুরোনো প্রবণতা ভক্তদের মধ্যে এক প্রকার নেশার মতো। আর প্রিয় তারকার এমন একটি স্মৃতিচিহ্ন হাতের মুঠোয় পেলে তা ধরে রাখার ইচ্ছে কার না জাগে।
সূত্র: এএফপি
খবরওয়ালা/এসআই



