ওভালে সিরিজের শেষ টেস্টে ইতিহাস গড়ার কঠিন চ্যালেঞ্জের সামনে ইংল্যান্ড।
৩৭৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় দিন শেষে ১ উইকেটে ৫০ রান করেছে স্বাগতিকরা। চতুর্থ ইনিংসে এই রান তাড়া করে জিততে পারলে ভাঙবে ১২৩ বছরের পুরোনো রেকর্ড।
সিরিজের প্রথম টেস্টে হেডিংলিতে ৩৭১ রানের লক্ষ্য পেরিয়ে দুর্দান্ত এক জয় পেয়েছিল ইংল্যান্ড। এবার ওভালেও একইরকম বড় লক্ষ্য সামনে রেখে জয়ের আশা বাঁচিয়ে রেখেছে তারা। তৃতীয় দিন শেষে ইংল্যান্ড ১৩.৫ ওভারে ১ উইকেটে তুলেছে ৫০ রান। ওপেনার জ্যাক ক্রলি ফিরেছেন ১৪ রানে। অপর প্রান্তে থাকা বেন ডাকেট অপরাজিত আছেন ৩৪ রানে।
ভারতের দেওয়া লক্ষ্য—৩৭৪ রান। এর আগে এই মাঠে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করে জয় এসেছে ১৯০২ সালে—মাত্র ২৬৩ রান। এর বাইরে শুধু একবারই কোনো দল ২৫০’র বেশি রান করে জয় পেয়েছে ওভালে। সেক্ষেত্রে ইংল্যান্ড জিতলে এটি হবে ঐতিহাসিক রেকর্ড।
এই ম্যাচে জিতলে সিরিজ ৩–১ ব্যবধানে নিজেদের করে নেবে ইংল্যান্ড, আর ভারত জিতলে সিরিজ ড্র হবে ২–২ তে।
তৃতীয় দিন নিজেদের দ্বিতীয় ইনিংসে ভারত ৩৯৬ রানে অলআউট হয়। প্রথম ইনিংসে ২৩ রানে পিছিয়ে থাকলেও দ্বিতীয় ইনিংসের ব্যাটিং দাপটে ৩৭৩ রানের লিড নেয় তারা।
এই ইনিংসের নায়ক ছিলেন ওপেনার যশস্বী জয়সোয়াল। দুর্দান্ত ১১৮ রানের ইনিংস খেলে সিরিজে নিজের চতুর্থ এবং ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি করেন তিনি। রাতের প্রহরী আকাশ দীপের সঙ্গে তৃতীয় উইকেটে ১০৭ রানের জুটি গড়েন তিনি। দীপ করেন ৬৬ রান।
দ্বিতীয় সেশনের শুরুতেই এলবিডব্লু হয়ে যান শুবমান গিল (১১)। তাতে সুনীল গাভাস্কারের ১৯৭১ সালের অভিষেক সিরিজে করা ৭৭৪ রানের রেকর্ড ছোঁয়া হলো না তার। গিল থামলেন ৭৫৪ রানে।
শেষদিকে ভারতের স্কোর বাড়াতে বড় ভূমিকা রাখেন রবীন্দ্র জাদেজা (৫৩), ওয়াশিংটন সুন্দর (৫৩) ও ধ্রুব জুরেল (৩৪)।
ইংল্যান্ডের পক্ষে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেন জোশ টাং (৫/১২৫)। গাস অ্যাটকিনসন নেন তিনটি এবং জেমি ওভারটন দুটি উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২২৪ ও ৩৯৬
(জয়সোয়াল ১১৮, দীপ ৬৬, জাদেজা ৫৩, সুন্দর ৫৩; টাং ৫/১২৫, অ্যাটকিনসন ৩/১২৭)
ইংল্যান্ড: ২৪৭ ও ৫০/১ (১৩.৫ ওভারে)
(ডাকেট ৩৪*, ক্রলি ১৪; সিরাজ ১/১১)



