খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট ২০২৫
বৈষম্যবিরোধী আন্দোলন থেকে রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আত্মপ্রকাশকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে চিহ্নিত করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। তবে দলটির বর্তমান গতিপথ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।
সোমবার (৪ আগস্ট) রাজধানীর মাইডাস সেন্টারে টিআইবির সম্মেলন কক্ষে আয়োজিত ‘নতুন বাংলাদেশ: কর্তৃত্ববাদী সরকার পতন-পরবর্তী এক বছরের ওপর পর্যবেক্ষণ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এনসিপি প্রসঙ্গে এসব মন্তব্য উঠে আসে।
টিআইবির বক্তব্যে বলা হয়, ‘নতুন রাজনৈতিক বন্দোবস্তের অংশ হিসেবে সুশাসন, দুর্নীতিমুক্ত, জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ রাজনৈতিক শক্তি হিসেবে এনসিপির বিকশিত হওয়ার কথা থাকলেও অনেক ক্ষেত্রে তা প্রশ্নবিদ্ধ।’
সংস্থাটি আরও যোগ করে, ‘অর্থের উৎসের অস্বচ্ছতা, দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি, অনিয়মের বিদ্যমান সংস্কৃতি ধারণ করে আত্মঘাতী পথে ধাবিত হচ্ছে দলটি।’
গবেষণা উপস্থাপনকালে টিআইবির গবেষণা ফেলো মো. জুলকারনাইন বলেন, ‘নির্বাচনের তারিখ, সংস্কার ও অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক অবিশ্বাস, সন্দেহ, বিতর্ক ও সহনশীলতার ঘাটতিতে সংস্কার ও নির্বাচন ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে।’
তিনি আরও বলেন, ‘নির্বাচন-সংস্কার-মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রমকে মুখোমুখি দাঁড় করানোতে রাজনৈতিক দলগুলোর অনড় অবস্থান আছে। বৈষম্যবিরোধী শিক্ষার্থী আন্দোলনের মধ্যে বিভাজন, রাজনৈতিক মতাদর্শিক লড়াই ও ক্ষমতার দ্বন্দ্ব রয়েছে। এরই ধারাবাহিকতায় একাংশ রাজনৈতিক দল গঠন করেছে—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।’
নির্বাচনকে ঘিরে নতুন রাজনৈতিক মেরুকরণ, পুরনো জোট ভেঙে নতুন জোট গঠনের প্রবণতার কথাও তুলে ধরেন তিনি। ‘৫ আগস্ট পরবর্তী সময়ে নির্বাচনকে সামনে রেখে নতুন নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ও নিবন্ধনের জন্য আবেদন জমা পড়েছে। তবে নির্বাচন কমিশনের প্রাথমিক বাছাইয়ে কোনো দলই শর্ত পূরণ করতে পারেনি,’ জানান জুলকারনাইন।
বিশেষ করে এনসিপির নিবন্ধনের শর্ত পূরণে ব্যর্থতার কথাও উঠে আসে গবেষণায়। আবেদন করা দলগুলোর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নামসর্বস্ব দল বলেও মন্তব্য করা হয়।
অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, গবেষণা ফেলো শাহজাদা এম আকরাম, ফারহানা রহমানসহ অন্যান্য সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
খবরওয়ালা/এসআই