চট্টগ্রামে স্ল্যাব উল্টে নালায় পড়ে গেলেন তরুণী, ভিডিও ভাইরাল

চট্টগ্রাম নগরের ব্যস্ত সিডিএ অ্যাভিনিউ দিয়ে হাঁটছিলেন এক তরুণী। সোমবার দুপুর পৌনে তিনটার দিকে মুরাদপুর এলাকায় জামান হোটেলের সামনে নালার ওপর রাখা একটি কংক্রিটের স্ল্যাবে পা দিতেই তা উল্টে যায়। হঠাৎ ভারসাম্য হারিয়ে সোজা নালার ভেতরেই পড়ে যান তিনি। আশপাশের মানুষ দ্রুত ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। তরুণী তখন আতঙ্কে ছিলেন, তবে হেঁটে পাশের বিপণিবিতানে চলে যান তিনি।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে সোমবার সন্ধ্যায়। ভিডিওতে দেখা যায়, নালার ওপর কংক্রিটের তিনটি স্ল্যাব রয়েছে। হেঁটে আসার সময় একটিতে পা দেন ওই তরুণী, সেটি সঙ্গে সঙ্গে উল্টে যায় এবং তিনি পড়ে যান নালায়। আশপাশে থাকা পথচারী ও দোকানিরা দ্রুত তাঁকে টেনে তুলেন। তখন তাঁকে ভীত ও স্নায়ুবিহীন অবস্থায় দেখা যায়। তাঁর নাম-পরিচয় ও বর্তমান অবস্থার কোনো তথ্য পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রিফাতুল করিম চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘ভিডিওটি দেখেছি। কংক্রিটের স্ল্যাবগুলো সম্ভবত ঠিকভাবে বসানো হয়নি। কোনো এক পাশে সাপোর্ট না থাকায় স্ল্যাবটি উল্টে গেছে। এতে তরুণী পড়ে যান নালায়। আমি ঘটনাস্থলে যাচ্ছি, বিস্তারিত খতিয়ে দেখব।’

উল্লেখযোগ্য যে, চট্টগ্রাম নগরের নালা ও খালে পড়ে মৃত্যুর ঘটনা নতুন নয়। গত ছয় বছরে এমন ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ জন। ২০২৫ সালে ২ জন, ২০২৪ সালে ৩ জন, ২০২৩ সালে ৩ জন, ২০২১ সালে ৫ জন এবং ২০২০ সালে ২ জন মারা যান। সর্বশেষ ৯ জুলাই হালিশহরের আনন্দপুর এলাকায় তিন বছর বয়সী হুমায়রা পড়ে যায় মায়ের কর্মস্থলের পাশের নালায়। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়।

এ ছাড়া বিভিন্ন সময়ে খোলা বা দুর্বলভাবে ঢেকে রাখা নালায় পড়ে আহত হওয়ার ঘটনাও ঘটেছে। নগরের ঝুঁকিপূর্ণ এসব স্থানে কার্যকর ব্যবস্থা না নেওয়ার সমালোচনাও রয়েছে নগরবাসীর মধ্যে।

 

খবরওয়ালা/এসআই

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।