তিন সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের তথ্য সংগ্রহ করছে ইসি

বিগত ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেটদের তথ্য সংগ্রহ করছে নির্বাচন কমিশন (ইসি)। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এক মামলার তদন্তে এ সংক্রান্ত তথ্য চাইলে এই পদক্ষেপ নেয়া হয়।

সংসদ নির্বাচনে আচরণ বিধি বাস্তবায়ন ও নির্বাচনি আইনশৃঙ্খলা রক্ষায় প্রতি নির্বাচনে প্রায় দেড় হাজার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রয়োজন অনুযায়ী বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন।

ইসি থেকে প্রাপ্ত নির্দেশনার পর বুধবার (৬ আগস্ট) উপসচিব মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠি দেশের সব জেলা প্রশাসক, ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে ১০ম, ১১তম ও ১২তম জাতীয় সংসদ নির্বাচনে নিয়োজিত ম্যাজিস্ট্রেটদের নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর, পাসপোর্ট নম্বর ও মোবাইল নম্বরসহ বিস্তারিত তথ্য পাঠাতে বলা হয়েছে।

এর আগে ২৪ জুলাই একই ধরনের অনুরোধ করে পিবিআই। এরও আগে, ৩ জুলাই নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং কর্মকর্তা, প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার এবং পোলিং কর্মকর্তাদের তথ্যও চেয়েছিল সংস্থাটি।

নির্বাচন কমিশনের সচিব মো. আখতারুজ্জামান জানিয়েছেন, পিবিআইয়ের অনুরোধে প্রয়োজনীয় তথ্য সরবরাহের কার্যক্রম চলছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।