নেত্রকোনায় অটো রাইস মিলে শ্রমিকের মৃত্যু

নেত্রকোনার আটপাড়ায় একটি অটো রাইস মিলে আকাশ মিয়া (২৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (৬ আগস্ট) রাতে উপজেলার ইটাখলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকাশ মিয়া কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের চান্দপাড়া গ্রামের মৃত রাহাবুল মিয়ার ছেলে।

স্থানীয় পুলিশ ও মিল সূত্রে জানা গেছে, দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর গত ২৮ জুলাই গাভুরকাছ গ্রামের ওমর হাসান, মাঈনুল হাসান মিল্টন ও মোবারকপুর গ্রামের রুহুল আমিন মিলে আবু সাঈদ অটো রাইস মিলটি আবার চালু করেন। বর্তমানে সেখানে ১৮ থেকে ২০ জন শ্রমিক কাজ করেন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিলের ভেতরে কাজ করার সময় সবার অজান্তে আকাশ মিয়া আহত হন। কিছুক্ষণ পর অন্য শ্রমিকেরা তাকে মাটিতে পড়ে থাকতে দেখে দ্রুত আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মিলের শ্রমিক পরিতোষ জানান, কাজের সময় কখন আকাশ আহত হন, তা কেউ টের পাননি। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। তবে তিনি কোনো সুরক্ষা পোশাক বা নিরাপত্তাসামগ্রী না পরেই কাজ করছিলেন। হয়তো সে কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, ‘মরদেহ আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনায় পাঠানো হবে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।