খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট ২০২৫
কেনিয়ার রাজধানী নাইরোবিতে একটি আবাসিক ভবনের ওপর দাতব্য চিকিৎসা সংস্থা পরিচালিত একটি বিমান বিধ্বস্ত হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় ছয়জন নিহত এবং আরও দুজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, অ্যামরেফ ফ্লাইং ডক্টরস নামের দাতব্য সংস্থার সেসনা বিমানটি সোমালিয়ার হারগেইজার উদ্দেশ্যে নাইরোবির উইলসন বিমানবন্দর থেকে যাত্রা করার কিছুক্ষণের মধ্যেই গিথুরাই এলাকায় বিধ্বস্ত হয়।
বিমানটিতে পাইলট, চিকিৎসক, নার্স এবং একজন কর্মীসহ মোট চারজন ছিলেন। নাইরোবির কিয়ামবু কাউন্টির কমিশনার হেনরি ওয়াফুলা নিশ্চিত করেছেন, বিমানের ওই চার আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারান। এ ছাড়া ভবনের আশপাশে অবস্থানরত আরও দুজনের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটি জানিয়েছে, উড্ডয়নের মাত্র তিন মিনিট পর বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের রেডিও ও রাডার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
অ্যামরেফ ফ্লাইং ডক্টরসের সিইও স্টিফেন গিটাউ এক বিবৃতিতে বলেন, “আমরা যথাযথ তদন্ত নিশ্চিত করতে সংশ্লিষ্ট এভিয়েশন কর্তৃপক্ষ ও জরুরি সেবাদাতাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।” দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনায় সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
খবরওয়ালা/টিএসএন