খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট ২০২৫
বাংলা গান, বিশেষ করে বাংলা চলচ্চিত্রের গানে অসংখ্য শ্রোতাপ্রিয় সৃষ্টির জনক সঙ্গীতকার আলাউদ্দিন আলী ছিলেন এক বহুমাত্রিক প্রতিভা। তিনি একাধারে সুরকার, সঙ্গীত পরিচালক, বেহালাবাদক ও গীতিকার। গীত রচনার জন্যও অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
১৯৫২ সালের ২৪ ডিসেম্বর মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বাঁশবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন এই গুণী শিল্পী। বাবা ওস্তাদ জাদব আলী, মা জোহরা খাতুন। মাত্র দেড় বছর বয়সে পরিবারের সঙ্গে ঢাকার মতিঝিলের এজিবি কলোনিতে আসেন এবং তিন ভাই ও দুই বোনের সঙ্গে সেখানেই বেড়ে ওঠেন।
সঙ্গীতে প্রথম হাতেখড়ি ছোট চাচা সাদেক আলীর কাছে। ১৯৬৮ সালে চলচ্চিত্র জগতে বাদ্যযন্ত্রশিল্পী হিসেবে যাত্রা শুরু করেন। প্রথমে শহীদ আলতাফ মাহমুদের সহযোগী হিসেবে, পরে প্রখ্যাত সুরকার আনোয়ার পারভেজের সঙ্গে দীর্ঘ সময় কাজ করেন।
লোকজ ও ধ্রুপদী সুরের মিশ্রণে আলাউদ্দিন আলী গড়ে তুলেছিলেন তাঁর নিজস্ব সুরভুবন, যা চার দশক ধরে বাংলা সঙ্গীতে এক অনন্য ধারা তৈরি করেছে। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের বহু খ্যাতিমান শিল্পী তাঁর সুরে গান করে নিজেদের শিল্পজীবন সমৃদ্ধ করেছেন।
প্রখ্যাত এই সঙ্গীত পরিচালক ২০২০ সালের ৯ আগস্ট পৃথিবীর মায়া ত্যাগ করেন। বাংলা সঙ্গীতভুবন চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে তাঁকে।
আজকের এই দিনে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধার্ঘ্য।
খবরওয়ালা/এন