খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট ২০২৫
বনানী থানার চাঁদাবাজির মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।
রবিবার(১০ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখান। এদিন সকালে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও বনানী থানার উপপরিদর্শক রাজিউল আমিন তাকে গ্রেপ্তার দেখাতে আবেদন করেন। পরে ১১টা ৪০ মিনিটের দিকে তাকে হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট পড়িয়ে আদালতে তোলা হয়। এরপর তার উপস্থিতিতে শুনানি শুরু হয়।
শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বলেন, সেনা সমর্থিত সরকারের সময় আসামি বাবুর নেতৃত্বে বৈশাখী টিভির কার্যালয়ে ১০ কোটি টাকা চাঁদা দাবি করা হয়৷ তারা নগদ সাড়ে ৪ লাখ টাকা নিয়ে যান।
এ মামলায় গ্রেপ্তার দেখানোর প্রার্থনা করছি। গ্রেপ্তার দেখানোর পর তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। পরে আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর পুলিশ প্রহরায় তাকে আদালতের হাজতখানায় নেয়া হয়।
এর আগে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে গত ১৭ সেপ্টেম্বর সাংবাদিক মোজাম্মেল বাবু গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।
খবরওয়ালা/এফএস