দক্ষিণ কোরিয়ার কাছে বড় হারে শঙ্কায় বাংলাদেশের এশিয়ান কাপের স্বপ্ন

এশিয়ার অন্যতম পরাশক্তি দক্ষিণ কোরিয়ার বিপক্ষে লিড নিয়েও শেষ পর্যন্ত ৬-১ গোলের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ের এই হারে গ্রুপ সেরা হয়ে মূল পর্বে ওঠার সুযোগ হাতছাড়া হয়েছে পিটার বাটলারের শিষ্যদের।

রবিবার (১০ আগস্ট) লাওসের ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের ১৫ মিনিটে বাঁ প্রান্ত ধরে শান্তি মার্ডির বাড়ানো পাস থেকে তৃষ্ণা রানি গোল করে এগিয়ে দেন বাংলাদেশকে। তবে আনন্দ স্থায়ী হয়নি বেশি সময়। ২০ মিনিটে লি হিয়াংয়ের গোলে সমতায় ফেরে দক্ষিণ কোরিয়া। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।

বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে কোরিয়ানরা। ৪৮ মিনিটে এগিয়ে যাওয়ার পর ৬০ মিনিটে অধিনায়ক চু হেই ইয়ং গোল করে ব্যবধান ৩-১ করেন। শেষ দিকে একে একে আরও তিনবার বাংলাদেশের জালে বল জড়ায় তারা। ৮৬ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন হেই ইয়ং, ৯০ মিনিটে গোল করেন লি হিউন এবং যোগ করা সময়ে ষষ্ঠ গোলটি করেন জিন হেরিন।

গ্রুপ এইচ থেকে দক্ষিণ কোরিয়া তিন ম্যাচে তিন জয় নিয়ে চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে উঠে গেছে। তিন ম্যাচে ৬ পয়েন্ট ও গোল ব্যবধান +৫ নিয়ে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। সেরা তিন রানার্সআপের একটি হয়ে আগামী বছর থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য মূল পর্বে ওঠার সুযোগ এখনো আছে তাদের।

বর্তমানে রানার্সআপ দলগুলোর মধ্যে তিনে আছে বাংলাদেশ। তবে ভাগ্য নির্ভর করছে অন্য গ্রুপের ফলাফলের ওপর। ‘সি’ গ্রুপে অস্ট্রেলিয়া চায়নিজ তাইপেকে ২ বারের বেশি গোলের ব্যবধানে হারালে অথবা ‘ই’ গ্রুপে লেবানন চীনের কাছে হারলেই নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের চূড়ান্ত পর্বে উত্তরণ।

এশিয়ার ৩৩টি দল নিয়ে বাছাইপর্বে আটটি গ্রুপে লড়াই চলছে। প্রতি গ্রুপের সেরা দল ও সেরা তিন রানার্সআপ আগামী বছরের মূল আসরে খেলবে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।