খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট ২০২৫
সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে পিয়াইন নদীপথে ভারতীয় চোরাচালান পণ্য আটক করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়া বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার বিকেল ৫টার দিকে গোয়াইনঘাট সদর ইউনিয়নের আমবাড়ি এলাকায় ডুবুরিরা তার লাশ উদ্ধার করেন। নিহত বিজিবি সদস্যের নাম মাসুম বিল্লাহ। তিনি গোয়াইনঘাটের সোনারহাট বিজিবি ক্যাম্পে সিপাহী পদে কর্মরত ছিলেন।
পুলিশ ও বিজিবি সূত্র জানায়, গত শনিবার বিকেলে মাসুম বিল্লাহসহ দুইজন বিজিবি সদস্য নৌকাযোগে পিয়াইন নদীতে ভারতীয় চোরাচালানের পণ্য ধরতে অভিযানে যান। এ সময় চোরাকারবারীদের নৌকার ধাক্কায় দুইটি নৌকাই ডুবে যায়। এতে অন্যরা সাঁতরে তীরে উঠলেও মাসুম বিল্লাহ নদীতে তলিয়ে যান।
এরপর থেকে টানা উদ্ধার তৎপরতা চালানো হলেও তার কোনো সন্ধান মেলেনি। প্রায় ২৪ ঘণ্টা পর রবিবার বিকেলে ডুবুরি নুর মিয়া নদীর তলদেশে তার লাশ খুঁজে পান এবং উদ্ধার করেন।
বিজিবির ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘চোরাচালান বিরোধী অভিযানে অংশ নিতে গিয়ে পানিতে পড়ে আমাদের সদস্য মাসুম বিল্লাহ মারা গেছেন। তার লাশ উদ্ধার করা হয়েছে।’
খবরওয়ালা/এসআই