খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বাংলা বিভাগের এক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ ও অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে একই বিভাগের অধ্যাপক ড. রুবেল আনসারের বিরুদ্ধে।
ওই ছাত্রী যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রে তিন পাতার লিখিত অভিযোগ জমা দেন। সেখানে তিনি ধারাবাহিকভাবে ঘটনার বিবরণ দেন এবং প্রমাণ হিসেবে স্ক্রিনশট সংযুক্ত করেন। অভিযোগটি তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যা মঙ্গলবার (১২ আগস্ট) থেকে কাজ শুরু করেছে।
অভিযোগপত্রে ওই শিক্ষার্থী জানিয়েছেন, ‘সঠিক সময়ে অ্যাসাইনমেন্ট জমা দিতে না পারায় আমি স্যারের সঙ্গে কথা বলতে যাই। তিনি আমার সঙ্গে ৪০-৪৫ মিনিট বিভিন্ন বিষয়ে কথা বলেন। একপর্যায়ে উচ্ছ্বসিত হয়ে বলেন, তোমার হাত যদি পরীক্ষার আগে ঠিক না হয়, তাহলে আমি ফুঁ দিয়ে ঠিক করে দেব। তুমি খুলনায় নতুন, কোথাও যেতে বা অসুস্থ হলে আমাকে জানাতে পারো।’
এক পর্যায়ে তিনি উল্লেখ করেন, ‘একদিন কল দিয়ে দেখা করার অনুরোধ করেন। নিরালা মোড়ে গেলে তিনি আমাকে গাড়িতে ওঠার জন্য বলেন এবং সেখানে সরাসরি অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেন। আমি আপত্তি করলে রেগে গাড়ি থেকে নেমে যেতে চাইলে তিনি আমার হাত চেপে ধরেন এবং বলেন, ‘জেদ করো না; আমি যা চাই তাই আমার করে নিই। আজ না হোক কাল আমার ভালোবাসার চিহ্ন এঁকে দেবই।’
জোর করে হাত থেকে ছাড়ানোর পর তিনি আরও বলেন, ‘আমি কখনো এত দিন কারও পেছনে ঘুরিনি, কারও জন্য অপেক্ষাও করিনি, তোমার জন্যই এতদিন অপেক্ষা করতে হয়েছে। আমি তোমার রেজাল্টও বাড়িয়ে দেব, রেজাল্ট ৩.৫০ করে দিব।’ এসব শুনে ওই শিক্ষার্থী দ্রুত গাড়ি থেকে নেমে আত্মরক্ষা করেন।
জানা গেছে, রোববার বিশ্ববিদ্যালয়ের অফিস খোলার পর অভিযোগটি যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের সভাপতির কাছে পাঠানো হয়।
অধ্যাপক ড. রুবেল আনসার ফেসবুকে প্রকাশ করেন, ‘বিষয়টি ভিত্তিহীন, অবাস্তব ও উদ্দেশ্যপ্রণোদিত। তদন্তে দোষ প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের শাস্তি মেনে নেব। যদি সম্পৃক্ততা না থাকে, তা তদন্ত শেষে সবাই জানবেন।’
খবরওয়ালা/এন