খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট ২০২৫
মবের ভয়ে পুলিশ যদি ফিরে আসে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়—এমন প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (১৩ আগস্ট) সকাল ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রংপুরের তারাগঞ্জ উপজেলায় পিটিয়ে দুই ব্যক্তিকে হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে রিজভী বলেন, ‘পুলিশ খবর পেয়েও মবের ভয়ে ফিরে এসেছে। এই যদি আইন-শৃঙ্খলার পরিস্থিতি হয়, তাহলে আজকে সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায়।’
তিনি বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার পালানোর পরের সময়টা হবে শান্তিপূর্ণ ও স্বস্তিদায়ক। কিন্তু এ ধরনের ঘটনা জনমনে ভীতি এবং শঙ্কা তৈরি করছে।’
মব সংস্কৃতি প্রসঙ্গে রিজভী বলেন, ‘দুই দিন আগে হিন্দু সম্প্রদায়ের রূপলাল দাস (৪০) ও প্রদীপ দাসকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই মব কালচার জনসমাজে ক্যান্সারের মতো ঘা তৈরি করছে। অন্তর্বর্তীকালীন সরকারকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। কারও হাতে আইন তুলে নেওয়ার অধিকার নেই।’
তিনি অভিযোগ করেন, ‘নিজেদের অপরাধ আড়াল করতে বিএনপির বিরুদ্ধে বানোয়াট অপপ্রচার চালানো হচ্ছে। রাজনৈতিকভাবে অপসংস্কৃতিতে ভোগা ব্যক্তিরাই এ কাজ করছে।’
বিএনপির ভেতরে শৃঙ্খলাভঙ্গ বা অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, ‘বিএনপি বা এর অঙ্গসংগঠনের নামে কোনো অপরাধমূলক কাজ হলে প্রতিদিনই কাউকে না কাউকে বহিষ্কার, শোকজ বা পদ স্থগিত করা হচ্ছে।’
পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি প্রসঙ্গে রিজভী বলেন, ‘দেশের মানুষ এখনো এই ব্যবস্থার সঙ্গে পরিচিত নয়। আমাদের সমাজ পশ্চিম ইউরোপের মতো স্তরে নেই। যারা এই পদ্ধতির কথা বলছেন, তাদের উদ্দেশ্য জটিলতা তৈরি করা ছাড়া আর কিছু নয়।’
খবরওয়ালা/এন