খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
রাজধানীর গুলশানে সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার জানে আলম অপুর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বুধবার (১৩ আগস্ট) রাতে ৩৫ মিনিটের ওই ভিডিওটি ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল হয়। ধারণা করা হচ্ছে, ঘটনার পর আত্মগোপনে থাকা অবস্থায় অপু ভিডিওটি রেকর্ড করেন।
ভিডিওতে অপু স্বীকার করেন, গুলশানের ঘটনায় টাকার ব্যাগ নিতে যাকে দেখা গেছে, তিনি নিজেই। তবে তার দাবি, এটি ছিল অফিসিয়াল অভিযান। তিনি বলেন, “সেদিন ভোর ৫টার দিকে ডিসি ও এসিকে অবগত করে পুলিশকে সঙ্গে নিয়ে আমরা শাম্মির বাসায় অভিযান চালাই। এর আগে উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে আমার কথা হয়েছিল। কিন্তু এসব তথ্য মিডিয়ায় আসেনি।”
অপু অভিযোগ করেন, পূর্ব পরিকল্পিত অভিযান ও শাম্মি বাসায় থাকার তথ্য মিডিয়ায় গোপন রাখা হয়েছে। তার চ্যালেঞ্জ, “সৎ সাহস থাকলে আগের রাতের সিসিটিভি ফুটেজ প্রকাশ করুন। দেখা যাক কে কার সঙ্গে কথা বলেছে এবং কীভাবে শাম্মি বাসা থেকে বের হয়েছেন।”
তিনি আরও বলেন, “আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথভাবে অভিযান চালিয়েছি। সেখানে কী কথা হয়েছিল, সেটিও প্রকাশ করা হোক। সত্য উদ্ঘাটন হোক, অপপ্রচার নয়।”
খবরওয়ালা/আশ