ধানমন্ডি-৩২ এ আওয়ামী লীগ কর্মী সন্দেহে দুইজনকে গণপিটুনি

রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে আওয়ামী লীগ কর্মী সন্দেহে দুই যুবককে গণপিটুনি দিয়েছে ছাত্র-জনতা। 

বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ও রাত ৯টার দিকে পৃথকভাবে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে দুজনকেই উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম যুবক সেখানে এসে ভিডিও কলে আশপাশের পরিস্থিতি শেয়ার করছিলেন। কলের অপর প্রান্তে থাকা ব্যক্তির ফোনে শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি দেখা গেলে উপস্থিতরা তাকে আওয়ামী লীগের কর্মী সন্দেহে মারধর করেন। পরে পুলিশ এসে তাকে সেখান থেকে সরিয়ে নেয়।

ঘটনাস্থলে থাকা ছাত্র-জনতার দাবি, যুবকের নিজের ফোনেও শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি ছিল। তারা বলেন, শেখ হাসিনার ছেলে জয় দলীয় নেতাকর্মীদের ৩২ নম্বরে অবস্থান নিতে বলেছেন—এমন তথ্য পাওয়ার পর তারা সতর্ক অবস্থান নিয়েছিলেন।

প্রথম ঘটনার কিছুক্ষণ পর রাত ৯টার দিকে আরেকজনকে একই অভিযোগে গণপিটুনি দেওয়া হয়। তবে দ্বিতীয় ব্যক্তিকে কেন আওয়ামী লীগ কর্মী বলা হচ্ছে, সে বিষয়ে কেউ নিশ্চিত করে জানাতে পারেননি।

রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, মোট তিনজনকে আটক করা হয়েছে। তাদের ফোন পরীক্ষা ও জিজ্ঞাসাবাদ করা হবে। নির্দোষ প্রমাণিত হলে ছেড়ে দেওয়া হবে, আর দোষী হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।