খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫
ইতালির লেকের পানিতে ডুবে আব্দুস সামাদ (১২) নামে প্রবাসী বাংলাদেশি এক কিশোরের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে দেশটির ত্রেনতিনো অঞ্চলের মোলভেনো লেকে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের সঙ্গে বনভোজনে গিয়েছিল সে।
খবর পেয়ে ইতালির পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা সামাদকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হেলিকপ্টারে করে হাসপাতালে নেন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সামাদ ইতালি প্রবাসী আবু বক্কর সিদ্দিকের ছেলে এবং কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিবপুরের শম্ভুপুর এলাকার মৃত আব্দুল সাদেক মেম্বারের নাতি।
প্রায় ২০ বছর ধরে ইতালিতে বসবাস করছেন আবু বক্কর সিদ্দিক। বিয়ের পর স্ত্রী ও দুই ছেলে সন্তান নিয়ে তিনি সেখানে স্থায়ীভাবে থাকছেন। সামাদ ছিলেন বড় ছেলে এবং ভেনিস শহরের একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। আবু বক্কর সিদ্দিক ভেনিসের এবিএম জাহাজ নির্মাণ কোম্পানির চেয়ারম্যান।
ইতালি প্রবাসী ও নিহতের প্রতিবেশী সজিব আল হুসাইন জানান, ভেনিস থেকে কয়েকটি পরিবার মোলভেনো লেক এলাকায় বনভোজনের জন্য গিয়েছিল। দুপুরে খাওয়া শেষে সবাই পানিতে গোসল করতে নামে। সামাদও পানিতে নামে। কিছুক্ষণ পর খুঁজে না পাওয়ায় সন্দেহ হলে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে লেক থেকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয়।
মরদেহ দেশে আনা হবে নাকি ইতালিতে দাফন করা হবে, তা এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান সজিব আল হুসাইন।
খবরওয়ালা/টিএসএন