খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট ২০২৫
কুড়িগ্রামে সাবেক সাবরেজিস্ট্রার সহিবুর রহমান স্বপন প্রধানের (৬৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৬ আগস্ট) নাগেশ্বরী শহরের মডেল মসজিদের পাশে বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। এদিন সকালে নামাজ পড়তে আসা লোকজন লাশ দেখতে পান। পরে খবর পেয়ে তা উদ্ধার করে নাগেশ্বরী থানা পুলিশ।
স্থানীয়রা জানান, কয়েক বছর আগে গোদ্ধারের পাড় বিলের পাশে জমি কিনে লেক সিটি নামে ভবন বানান স্বপন প্রধান। ক্লিনিকের পূর্ব পাশে গোলঘরে মাঝে মধ্যে বসতেন তিনি। তাকে হত্যা করে মরদেহ কচুরিপানার নিচে রাখা হয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় তালহা নামে তার এক সৎ ভাইকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, মরদেহ কচুরিপানার নিচে পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে লুকিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। তবে তদন্ত শেষে মৃত্যুর আসল কারণ বলা যাবে।
খবরওয়ালা/এফএস