রাজশাহীতে কোচিং সেন্টারে অস্ত্র-বোমা তৈরির সরঞ্জাম, আটক ৩

রাজশাহী নগরের কাদিরগঞ্জে কোচিং সেন্টার ঘিরে যৌথ বাহিনীর অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম।

শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া এ অভিযানে আটক হন মোন্তাসেবুল আলম অনিন্দ্য, যিনি ‘ডক্টর ইংলিশ’ নামের কোচিং সেন্টারের মালিক ও ইংরেজির শিক্ষক। এছাড়া সন্দেহভাজন হিসেবে মো. রবিন ও মো. ফয়সাল নামের আরও দুজনকে আটক করা হয়।

অনিন্দ্য কয়েক বছর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হয়েছিলেন, তবে পরে ওই মামলা থেকে অব্যাহতি পান। তাঁর বাবা শফিউল আলম লাট্টু রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহসভাপতি। অনিন্দ্যের বিরুদ্ধে জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগ রয়েছে, যদিও যৌথ বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

দুপুরে সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে উদ্ধার করা হয়েছে তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলি, সামরিক মানের দুরবিন ও স্নাইপার স্কোপ, ছয়টি দেশীয় অস্ত্র, সাতটি বিদেশি ধারালো ডেগার, পাঁচটি উন্নতমানের ওয়াকিটকি সেট, একটি সামরিক জিপিএস, একটি টিজার গান, দেশি-বিদেশি কার্টিজ, বিপুলসংখ্যক অব্যবহৃত সিম কার্ড, বিস্ফোরক তৈরির সরঞ্জামাদি, ছয়টি কম্পিউটার সেট, ৭ হাজার ৪৪৫ টাকা, বিভিন্ন দেশি-বিদেশি মদ এবং ১১টি নাইট্রোজেন কার্টিজ।

এগুলো তাজা অবস্থায় থাকায় বোম্ব ডিসপোজাল ইউনিট তা নিষ্ক্রিয় করে। পাশের একটি পুকুরে অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে সন্দেহে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালায়, তবে কিছু মেলেনি।

সেনাবাহিনীর বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিক অনুসন্ধানে আটক মোন্তাসেবুল আলম অনিন্দ্য রাজশাহীর সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই। ঘটনাটি তদন্তে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো কাজ শুরু করেছে এবং অভিযান অব্যাহত রয়েছে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।