সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদকে বদলির পর এবার কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহারকেও সরানো হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যায় সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পরিবর্তন আনা হয়।
কোম্পানীগঞ্জের নতুন ইউএনও হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ শফিকুল ইসলাম। ৩৬তম বিসিএসের এই কর্মকর্তা বর্তমানে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ইউএনও হিসেবে কর্মরত আছেন। একইসঙ্গে কোম্পানীগঞ্জের ইউএনও আজিজুন্নাহার ফেঞ্চুগঞ্জে যোগ দেবেন।
স্থানীয় সূত্র জানায়, সাদাপাথর, ভোলাগঞ্জ কোয়ারি ও শাহ আরেফিন টিলা এলাকায় পাথর লুটপাট ঠেকাতে না পারায় ইউএনও আজিজুন্নাহার সমালোচিত হন। সর্বশেষ সাদাপাথর এলাকা থেকে অন্তত ৮০ শতাংশ পাথর লুট হওয়ায় তিনি ব্যাপক চাপের মুখে পড়েন। যদিও প্রজ্ঞাপনে বদলির কারণ হিসেবে এসব উল্লেখ করা হয়নি।
এদিন সিলেটে নতুন ডিসি নিয়োগ পেয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব (সংযুক্ত) মো. সারওয়ার আলম। তিনি এত দিন মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের একান্ত সচিবের দায়িত্বে ছিলেন।
সাবেক ডিসি মোহাম্মদ শের মাহবুব মুরাদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। সিলেটে পাথর লুটপাট ঠেকাতে না পারায় তাঁর বিরুদ্ধে নানা সমালোচনা উঠেছিল। এর মধ্যেই জেলা প্রশাসনে এ পরিবর্তন আসে।
খবরওয়ালা/এন



